স্যন্দন ডিজিটাল ডেস্ক, ২৯ আগস্ট।। প্রাথমিক দলে ডাক পাওয়ার পর আর্জেন্টিনার চূড়ান্ত দলেও টিকে গেলেন স্ট্রাইকার হোসে মানুয়েল লোপেস। বাদ পড়লেন ডিফেন্ডার ফাকুন্দো মেদিনা ও ফরোয়ার্ড আনহেল কোররেয়া। কিছুদিন আগে ঘোষিত প্রাথমিক দল থেকে দুই জনকে বাদ দিয়ে বিশ্বকাপ বাছাইয়ে ভেনেজুয়েলা ও একুয়েডরের বিপক্ষে ম্যাচের জন্য বৃহস্পতিবার ২৯ জনের চূড়ান্ত দল দিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। মেদিনার বাদ পড়াটা কিছুটা বিস্ময়করই। সবশেষ ম্যাচে গত জুনে কলম্বিয়ার বিপক্ষে শুরুর একাদশে ছিলেন তিনি। নির্ভরযোগ্য ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেস চোটের কারণে এখনও বাইরে থাকার পরও চূড়ান্ত দলে জায়গা মিলল না মেদিনার। ক্লাব ফুটবলে আলো ছড়িয়ে এবারই প্রথম জাতীয় দলে ডাক পেয়েছেন ২৪ বছর বয়সী লোপেস। তার সামনে এখন আন্তর্জাতিক ফুটবলে অভিষেকের হাতছানি। এরই মধ্যে ২০২৬ বিশ্বকাপের টিকেট নিশ্চিত করে ফেলা আর্জেন্টিনা আগামী ৪ সেপ্টেম্বর ঘরের মাঠে ভেনেজুয়েলার মুখোমুখি হবে। এরপর ৯ সেপ্টেম্বর একুয়েডরের মাঠে খেলবে বিশ্ব চ্যাম্পিয়নরা। ১৬ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলের শীর্ষে আছে আর্জেন্টিনা। ২৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে থাকা একুয়েডরেরও নিশ্চিত হয়েছে বিশ্বকাপের টিকেট। ১৮ পয়েন্ট নিয়ে ১০ দলের মধ্যে সাত নম্বরে আছে ভেনেজুয়েলা। এই অঞ্চল থেকে শীর্ষ ছয় দল সরাসরি বিশ্বকাপের টিকেট পাবে। আর্জেন্টিনা দল:
গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেস (অ্যাস্টন ভিলা), জেরোনিমো রুলি (অলিম্পিক মার্সেই), ওয়াল্তার বেনিতেস (ক্রিস্টাল প্যালেস)
ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা (আতলেতিকো মাদ্রিদ), ক্রিস্তিয়ান রোমেরো (টটেনহ্যাম হটস্পার), লিওনার্দো বেলার্দি (অলিম্পিক মার্সেই), হুয়ান ফইথ (ভিয়ারেয়াল), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), নিকোলাস তাগলিয়াফিকো (লিঁও), গন্সালো মন্তিয়েল (রিভার প্লেট), মার্কোস আকুনা (রিভার প্লেট), হুলিও সোলের (বোর্নমাউথ)
মিডফিল্ডার: লেয়ান্দ্রো পারেদেস (বোকা জুনিয়র্স), রদ্রিগো দে পল (ইন্টার মায়ামি), এসেকিয়েল পালাসিওস (বায়ার লেভারকুজেন), আলান ভারেলা (পোর্তো), আলেক্সিস মাক আলিস্তের (লিভারপুল), জিওভানি লো সেলসো (রেয়াল বেতিস), তিয়াগো আলমাদা (আতলেতিকো মাদ্রিদ), নিকোলাস পাস (কোমো), ভালেন্তিন কার্বোনি (জেনোয়া)
ফরোয়ার্ড: লিওনেল মেসি (ইন্টার মায়ামি), হুলিয়ান আলভারেস (আতলেতিকো মাদ্রিদ), লাউতারো মার্তিনেস (ইন্টার মিলান), নিকোলাস গনসালেস (ইউভেন্তুস), জুলিয়ানো সিমেওনে (আতলেতিকো মাদ্রিদ), ক্লাউদিও এচেভেরি (ম্যানচেস্টার সিটি), ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো (রেয়াল মাদ্রিদ), হোসে মানুয়েল লোপেস (পালমেইরাস)

