স্যন্দন ডিজিটাল ডেস্ক, ২৮ আগস্ট।। ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নেওয়ার পর হতাশার অনেক অধ্যায়কেই আলিঙ্গন করেছেন হুবেন অ্যামুরি। তবে এতটা বিব্রতকর অভিজ্ঞতা বুঝি আগে। তার ক্লাব হেরে গেছে চতুর্থ স্তরের দলের কাছে! শুধু এমন তেতো হারই নয়, মাঠে দলের খেলার ধরনেও ক্ষুব্ধ কোচ। সমর্থকদের কাছে দুঃখপ্রকাশ করে তিনি একহাত নিলেন দলের ফুটবলারদের। এমনিতেই লম্বা সময় ধরে দুর্দশায় হাবুডুবু চলছে ম্যানচেস্টার ইউনাইটেডের। তবে চতুর্থ স্তরের দলের সঙ্গে তারা জিততে পারবে না, এটা অনেকের ভাবনার সীমানায় ছিল না। কিন্তু লিগ কাপের ম্যাচে তারা হেরে গেছে গ্রিমসবি টাউন এফসির কাছে। ৩০ মিনিটের মধ্যেই ২-০ গোলে এগিয়ে যাওয়া গ্রিমসি ব্যবধান ধরে রাখে প্রায় ৭৫ মিনিট পর্যন্ত। পরে ঘুরে দাঁড়িয়ে দুটি গোলই শোধ করে দেয় ইউনাইটেড। তবে সেটি রূপ নেয়নি জয়ের স্বস্তিতে। ২৬ শটের ম্যারাথন টাইব্রেকারে ১২-১১ গোলে জিতে উল্লাসে মেতে ওঠে গ্রিমসবির ফুটবলাররা ও ঘরের মাঠের সাড়ে আট হাজার দর্শক। ম্যাচের ৭১ শতাংশ সময় বল ছিল ইউনাইটেডের নিয়ন্ত্রণে। গোলে শট নিয়েছে তারা ২৮টি, এর ৯টি ছিল লক্ষ্যে। কিন্তু এসবকে ধর্তব্যের মধ্যেই নিচ্ছেন না অ্যামুরি। প্রতিপক্ষকেই সবটুকু কৃতিত্ব দিয়ে ম্যাচের পর ইউনাইটেড কোচ বললেন, তার দল মাঠেই ছিল না। “সেরা দলটিই জিতেছে, মাঠে কেবল যে দলটিই ছিল…। আমরা পুরোপুরি হেরে গেছি।” “যেভাবে আমরা খেলা শুরু করেছি, মনে হয়েছে আমরা এমনকি মাঠে একদমই নেই। আমাদের ক্লাবে সবকিছু যখন এত গুরুত্বপূর্ণ, যা কিছু হয়েছে এই ক্লাবে… এটা আমাদের ক্লাবে একটি সমস্যা, আরও ভালো করা উচিত আমাদের।” টাইব্রেকারে হারের জন্য গোলকিপারের দিকে আঙুল তুলছেন না কোচ। বরং ম্যাচ টাইব্রেকারে গড়ানো নিয়েই তার প্রশ্ন। ফুটবলারদের নিবেদনও প্রশ্নবিদ্ধ তার কাছে। “সমর্থকদের কাছে আমাকে স্রেফ দুঃখপ্রকাশ করতে হবে। আমার মনে হয়, আমাদের ছেলেরা আজকে সেটিই ফুটিয়ে তুলেছে প্রবলভাবে, তারা যেমনটি চায়।” “চতুর্থ বিভাগের দলের সঙ্গে খেললে সেখানে গোলকিপার কিছু নয়। সবকিছুরই দায় সেখানে। সামগ্রিক আবহ, এই টুর্নামেন্টের প্রতি দৃষ্টিভঙ্গি… সবকিছু। আমরা জানি, এমন একটি সময়ে আমরা আছি, যখন লোকে সবকিছুর দিকে নজর দেবে। দল গুছিয়ে নিতে এবারের দলবদলে ২০ কোটি পাউন্ডের বেশি খরচ করেছে ইউনাইটেড। তবু এখনও পর্যন্ত মৌসুমে জয়শূন্য তারা। ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালের কাছে হার দিয়ে শুরুর পর ড্র করেছে তারা ফুলহ্যামের সঙ্গে। এরপর লিগ কাপের এই পরাজয়। অ্যামুরি অবশ্য বলছেন, আরও সময় লাগবে দল গুছিয়ে নিতে। “একটি গ্রীষ্মেই সবকিছু বদলে দেওয়া যায় না। তবে হ্যাঁ, ম্যাচ জিততে হবে। এই ধরনের পারফরম্যান্স করা যাবে না।” তবে সময়টা তিনি পাবেন কি না, সেটিই এখন প্রশ্ন। ইউনাইটেডের দায়িত্বে ১০ মাসে ৪৫ ম্যাচে ১৯ হার হয়ে গেল তার। জয় মাত্র ১৭টি। চতুর্থ স্তরের ক্লাবের কাছে হেরে এমন বিদায় নিশ্চয়ই ক্লাব ম্যানেজমেন্টকে প্রবলভাবেই ভাবতে বাধ্য করবে। গ্রিমসবির সমর্থকেরা ম্যাচ শেষের পর গ্যালারি থেকে সুর ধরে গাইছিলেন, “কালকে সকালেই তুমি বরখাস্ত হবে…।” এখনই হয়তো তা হবে না। তবে তার সামনে সময় ফুরিয়ে আসছে নিশ্চিতভাবেই।

