স্যন্দন
ডিজিটাল
ডেস্ক,
আগরতলা।
১১ আগস্ট:বিকাশ ত্রিপুরায়
তীব্র পানীয় জলের সংকট। মন্ত্রীকে পর্যন্ত আটকে থাকতে হয় সড়ক অবরোধের কারণে। মঙ্গলবার
পানীয় জলের দাবিতে কৃষ্ণপুর বিধানসভার ৩৬ মাইল এলাকায় ক্ষুব্ধ জনতার অবরোধে আটকে
পড়লেন মন্ত্রী কিশোর বর্মন। অভিযোগ, টানা সাত দিন ধরে পানীয় জলের তীব্র সংকটে অতিষ্ঠ
হয়ে শেষ পর্যন্ত জাতীয় সড়ক অবরোধে সামিল হলেন স্থানীয়রা। মঙ্গলবার সকালে কৃষ্ণপুর এলাকার
৩৬ মাইলে আসাম-আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় শতাধিক গ্রামবাসী।
প্রায় চার ঘণ্টা ধরে চলা এই অবরোধের জেরে জাতীয় সড়কের
উভয় প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ঠিক তখনই জাতীয় সড়ক দিয়ে কর্মসূচিতে যাওয়ার
সময় অবরোধে আটকে পড়েন উচ্চ শিক্ষামন্ত্রী কিশোর বর্মন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়
মুঙ্গিয়াকামি থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত প্রায় সাত দিন ধরে এলাকায়
পানীয় জলের সরবরাহ সম্পূর্ণভাবে ব্যাহত। বারবার সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ জানানো হলেও
সমস্যার কোনো স্থায়ী সমাধান হয়নি। চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাতে হচ্ছে সাধারণ মানুষকে।
দূর-দূরান্ত থেকে পানীয় জল সংগ্রহ করতে বাধ্য হচ্ছেন বহু পরিবার। সবচেয়ে বেশি সমস্যায়
পড়েছেন শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিরা।
বিক্ষোভকারীদের
দাবি, অবিলম্বে এলাকায় নিয়মিত পানীয় জলের সরবরাহ নিশ্চিত করতে হবে। ভবিষ্যতে যাতে এমন
পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে, তার জন্য স্থায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে। তারা আরো
বলেন, প্রশাসনের আশ্বাসে আপাতত অবরোধ তুলে নেওয়া হলেও দ্রুত সমস্যার সমাধান না হলে
আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের
পক্ষ থেকে মহকুমা শাসক দপ্তরের ডি.সি.এম. সন্দ্বীপ দেববর্মা, জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের
আধিকারিক-সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছায়। দীর্ঘক্ষণ বিক্ষোভকারীদের
সঙ্গে আলোচনা ও দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেওয়ার পর প্রায় চার ঘণ্টা পরে অবরোধ
প্রত্যাহার করেন আন্দোলনকারীরা। এরপর জাতীয় সড়কে স্বাভাবিক হয় যান চলাচল।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান