স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩০ জুলাই
: সুশাসন জামানায় বকেয়া বিলের জন্য আত্মহত্যার হুমকি ঠিকাদারদের। অভিযোগ, সিপাহীজলা জেলার জলজীবন মিশনের কর্মরত প্রায় দেড় শতাধিক ঠিকাদার বিগত দুই বছর ধরে বকেয়া বিল পাচ্ছে না। বৃহস্পতিবার বিশ্রামগঞ্জ ডি.ডব্লিউ.এস -এর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সুবীর দাসের নিকট ডেপুটেশন দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন যাতে করে অতি দ্রুত তাদের বকেয়া বিলের টাকা দেওয়া হয়। নাহলে তারা নিজেদের শেষ করে দেবে বলে জানিয়ে দেন। বৃহস্পতিবার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সুবীর দাসের সঙ্গে কথা বলার পর তারা বলেন, গত দুবছরে বকেয়া বিলের জন্য একাধিকবার দপ্তরের কড়া নেড়েছেন।
কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো এখন পর্যন্ত তাদের বকেয়া বিল হাতে আসেনি। সংসার পরিচালনা করতে তারা বিভিন্নভাবে হিমশিম খাচ্ছেন। পাওনাদারের টাকা মিটিয়ে দিতে পারছেন না। এখন তারা দেউলিয়া হয়ে যাচ্ছে। আগামী দুর্গাপূজার আগে যদি তাদের হাতে বকেয়ার টাকা না আসে তাহলে তাদের মধ্যে অনেকেই আত্মহত্যার পথ নিতে বাধ্য হবেন। আবার কেউ কেউ রাস্তা অবরোধ, অফিস ঘেরাও থেকে শুরু করে বিভিন্ন ভাবে আন্দোলনে নামতে বাধ্য হবেন। এদিকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছ থেকে জানা যায়, সংশ্লিষ্ট জেলায় এখন পর্যন্ত জল জীবন মিশনের ৯৬ শতাংশ কাজ হয়েছে। ফান্ডে অর্থ থাকলে বাকি চার শতাংশ কাজ সম্পন্ন করে ১০০ শতাংশের সফলতা অর্জন করতে পারত। এবং বকেয়া মিটিয়ে দেওয়া যেত। তবে সরকার ঢাক ঢোল পিটিয়ে দাবি করছে, উন্নয়নের জন্য অর্থের অভাব নেই। শুধুমাত্র পুরনো নীতি বদলানোর প্রয়োজন। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে বাস্তব চিত্র বলছে ভিন্ন।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান