স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৬ আগস্ট :অমরপুর মহকুমার অন্তর্গত খেদারনাল এলাকার চারটি গ্রামের মানুষ দীর্ঘ বাম আমল থেকে রাম আমলের রাস্তা সংস্কারের দাবির আশা পেতে পেতে এক প্রকার ক্ষুব্ধ হয়ে পড়েছে। বুধবার গ্রামবাসী নতুনবাজার খেদারনাল এলাকার পথ অবরোধের সামিল হয়। বন্যার পড়ে রাস্তাটি এতটাই বেহাল দশায় পরিণত হয়ে আছে দীর্ঘ সময় ধরে, যা বলার অপেক্ষা রাখে না।
সংস্কারের নামে উদ্যোগ নেই স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে আমলাদের। স্থানীয় এলাকাবাসী এক প্রকার ক্ষুব্ধ হয়ে বুধবার সকালে অমরপুর – করবুক সড়কে খেদারনাল মূল সড়কে পথ অবরোধ করে। অন্যদিকে কিছুদিন পর পর পথ অবরোধে নাজেহাল রাজ্যের সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন যানবাহন। দীর্ঘসময় এই পথ অবরোধ চলার পর অবরোধস্থলে ছুটে আসে স্থানীয় নেতৃত্ব ও পূর্ত দপ্তরের এসডিও স্যামসাং কলই ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারিকদের সঙ্গে কথা বলেন। এলাকার বেহাল রাস্তার পরিদর্শন করে পুনরায় অবরোধস্থলে এসে এলাকাবাসীদের লিখিত প্রতিশ্রুতি দেন। এলাকাবাসীরা এই লিখিত প্রতিশ্রুতি পেয়ে দীর্ঘ চার ঘন্টার এই পথ অবরোধ প্রত্যাহার করে নেন অবরোধকারীরা।

