স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৩ আগস্ট : ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন নিয়ে ভারতীয় নির্বাচন কমিশন আইপিএফটি দলের মতামত জানতে চেয়েছিল। গত এক আগস্ট আই পি এফ টি -র সভাপতি প্রেম কুমার রিয়াং -এর নেতৃত্বে চারজনের একটি প্রতিনিধি দল ভারতীয় নির্বাচন কমিশনের সাথে দেখা করে একটি স্মারক তুলে দেন। যার মধ্যে উল্লেখ করা হয়েছে, কোন ভারতীয় নাগরিকের নাম যাতে ভোটার তালিকা থেকে বাদ না দেওয়া হয়, এটা নিশ্চিত করতে হবে কমিশনকে। নির্বাচন কমিশনের সাথে সাক্ষাৎ করার সময় উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক স্বপন দেববর্মা, মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, দলের নেতৃত্বে কৃষ্ণকান্ত জমাতিয়া।
রবিবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান দলের সাধারণ সম্পাদক স্বপন দেববর্মা। তিনি আরো জানান আগামী ২৩ আগস্ট ষষ্ঠ তপশিলি দিবস উপলক্ষে রাজ্যে তিপরাল্যান্ড দিবস হিসেবে উদযাপন করা হয়। আসন্ন ২৩ আগস্ট আগরতলা শহরে একটি মিছিল সংঘটিত করে পৃথক রাজ্যের জন্য রাজ্যপালের কাছে দাবি সনদ তুলে ধরা হবে বলে জানান তিনি। সাংবাদিক সম্মেলনে তিনি আরো জানান, গত ২৯ জুলাই মেঘালয় রাজ্যের শিলং -এ এন এফ এন এস -এর একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিদ্ধান্ত হয় উত্তর-পূর্বাঞ্চলে মধ্যে যেসব রাজ্যগুলির জনজাতি অংশের মানুষ পৃথক রাজ্যের দাবি করছে সেসব রাজ্য থেকে কুড়িজনের প্রতিনিধি দল দিল্লি যন্তর মন্তরে গিয়ে আন্দোলন সংঘটিত করবে। আগামী নভেম্বর মাসের শেষ সপ্তাহে, নয়তো ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে এই আন্দোলন সংগঠিত করা হবে। এমনটাই জানিয়েছেন তিনি।

