Tuesday, July 28, 2026
বাড়ি রাজ্য একলব্য স্কুল ও ছাত্রী নিবাস নির্মাণ কাজ বন্ধের প্রতিবাদে রাস্তা অবরোধ

একলব্য স্কুল ও ছাত্রী নিবাস নির্মাণ কাজ বন্ধের প্রতিবাদে রাস্তা অবরোধ

একলব্য স্কুল ও ছাত্রী নিবাস নির্মাণ কাজ বন্ধের প্রতিবাদে রাস্তা অবরোধ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৩০ জুন : উত্তর মহারানিপুরে একলব্য স্কুল ও ছাত্রী নিবাস নির্মাণ কাজে সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগ ঘিরে উত্তাল এলাকা। অভিযুক্ত বিজেপি নেতা। প্রশাসনের নিষ্ক্রিয়তায় ক্ষোভে ফেটে পড়ল স্থানীয়রা। ঘটনার বিবরণে জানা যায়, খোয়াই জেলার কল্যাণপুর থানাধীন উত্তর মহারানিপুরে সরকারি ছাত্রাবাস নির্মাণ কাজ গত ৯ থেকে ১০ দিন ধরে বন্ধ হয়ে আছে। সূত্রে খবর, স্থানীয় এক নেতার প্রত্যক্ষ নেতৃত্বেই এই হামলা সংঘটিত হয়েছে। ঘটনার পর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও প্রশাসনের নীরব ভূমিকার প্রতিবাদে সোমবার সকাল থেকে পথ অবরোধে নামে উত্তেজিত এলাকাবাসী।

এলাকাবাসীর কাছে থেকে জানা যায়, ঘটনাটি ঘটে ২১ জুন দুপুর ২টা নাগাদ। সরকারি উন্নয়ন প্রকল্পের অধীনে বলারাম কোবরা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে নির্মীয়মাণ জনজাতি বালিকা নিবাসের কাজে নিয়োজিত ছিলেন নির্বাচিত ঠিকাদার বিক্রম দেববর্মা। অভিযোগ, কাজ শুরু করার কিছুক্ষণ পরই দুই ব্যক্তি—নির্মাণস্থলে এসে রড ও ছুরি দেখিয়ে শ্রমিকদের ভয় দেখায়, চাঁদা দাবি করে এবং কাজ বন্ধ করার নির্দেশ দেয়। শ্রমিকরা প্রতিবাদ করলে তাদের উপর সশস্ত্র হামলা চালানো হয়। গুরুতর আহত হন কয়েকজন শ্রমিক। ঘটনার পর অভিযুক্তরা এলাকা ছাড়ার হুমকি দিয়ে চলে যায় বলে বিশ্বস্ত সূত্রে খবর। এদিকে অবরোধের ঘটনার খবর পেয়ে ছুটে আসেন এডিশনাল এসডিএম। তিনি বিক্ষোভকারীদের দাবি গ্রহণ করে রাস্তা অবরোধ তুলে নেওয়ার জন্য বলেন। পরে তিনি জানান তাদের দাবি অনুযায়ী সমস্যার সমাধান করার জন্য স্থানীয় ব্লককে চিঠি দেওয়া হবে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান