স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৯ জুন : রাজ্যের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান উমাকান্ত একাডেমির ছাত্র নিবাসে রেগিং -এর ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়ে পড়ল ব্যাপক চাঞ্চল্য। ছাত্রাবাসের দুই ছাত্রের উপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে যান ত্রিপুরা সরকারের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। মন্ত্রী বিকাশ দেববর্মা এদিন হোস্টেলের শিক্ষক শিক্ষিকা, হোস্টেল সুপার সহ ছাত্রদের নিয়ে জরুরী বৈঠক করেন। বৈঠকে তিনি বিষয়টি গভীর উদ্বেগের সঙ্গে প্রকাশ করেন এবং স্পষ্টভাবে জানান অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনে প্রশাসনিক ও আইনিভাবে পদক্ষেপ গ্রহণ করা হবে রেগিঙ ছাত্র জীবনের জন্য একটি অভিশাপ।
যা শিক্ষার পরিবেশকে নষ্ট করে দেয়। এটি ছাত্রছাত্রীদের আত্মবিশ্বাস ও মানসিক সুস্থতার ওপর নেতিবাচক প্রভাব ফেলে। মন্ত্রী বিকাশ দেববর্মা জানান এ ধরনের ঘটনা কোনভাবেই বরদাস্ত করা হবে না। তিনি হোস্টেল কর্তৃপক্ষকে সতর্ক করেন এবং রেগিঙ প্রতিরোধে কঠোর মনিটরিং এর ব্যবস্থা চালু করার নির্দেশ দেন তিনি। পাশাপাশি ছাত্রদের তিনি বন্ধুত্বপূর্ণ পরিবেশ বজায় রেখে পড়াশুনা করার পরামর্শ দেন।

