স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৪ জুন : ত্রিপুরাকে পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসেবে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে মঙ্গলবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে ধন্যবাদ জানিয়েছেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। তিনি একই সাথে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কে ধন্যবাদ জানান। কারণ ২০১৪ সালে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার দেশে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে গোটা উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের জন্য তিনি হাত বাড়িয়ে দিয়েছেন।
যার অন্যতম সফলতা হলো ত্রিপুরা পূর্ণ রাজ্যের সাক্ষরতা অর্জন করেছে। মঙ্গলবার দুপুরে প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এ কথা বলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। তিনি পূবর্তন সরকারের বিরুদ্ধে তোপ দেগে বলেন স্বাধীনতার পর থেকেই উত্তর-পূর্বাঞ্চলকে উপেক্ষা করা হতো। গত ৭৫ বছরে কংগ্রেসী সরকার উত্তর-পূর্বাঞ্চলকে শিক্ষা স্বাস্থ্য এবং অর্থনৈতিক মানদণ্ডের ক্ষেত্রে উপেক্ষিত করে রেখেছিল। এবং তারা উত্তর পূর্বাঞ্চলে প্রবাস করেন নি। কিন্তু দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত ১১ বছরে প্রায় ৭০ বার উত্তর-পূর্বাঞ্চলে প্রবাস করেছেন। এবং ত্রিপুরায় যে বামফ্রন্ট সরকার ছিল তারা শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে মানুষকে উপেক্ষা করে রাখতেন। কিন্তু বর্তমান সরকার প্রাথমিক শিক্ষা থেকে উচ্চশিক্ষা পর্যন্ত উন্নত করার জন্য এবং সমৃদ্ধশালী করতে বদ্ধপরিকর। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এদিন এছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি-র সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা সহ অন্যান্য নেতৃত্ব।

