Monday, July 27, 2026
বাড়ি রাজ্য মোদী সরকারের ৮ বছর পূর্তি, ত্রিপুরায় বিজেপির অভিনন্দন মিছিল

মোদী সরকারের ৮ বছর পূর্তি, ত্রিপুরায় বিজেপির অভিনন্দন মিছিল

মোদী সরকারের ৮ বছর পূর্তি, ত্রিপুরায় বিজেপির অভিনন্দন মিছিল



আগরতলা, ৩১ মে (হি. স.) : মোদী সরকারের ৮ বছর পূর্তি উপলক্ষ্যে মঙ্গলবার ত্রিপুরার রাজধানী আগরতলা শহরে অভিনন্দন মিছিলের আয়োজন করেছে প্রদেশ বিজেপি। এদিন প্রদেশ বিজেপি কার্যালয়ের সামনে থেকে অভিনন্দন মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করেছে। মিছিলে অংশ নিয়েছেন প্রদেশ বিজেপির সহ-সভাপতি রাজীব ভট্টাচার্য, সাধারণ সম্পাদক টিঙ্কু রায়, কিশোর বর্মণ, সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা সহ অন্যান্যরা।

এদিন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত বলেন, কিছুদিন ধরে সমগ্র দেশ জুড়ে আনন্দের বাতাবরণ পরিলক্ষিত হচ্ছে। ২০১৪ সালে মোদী সরকারের পথ চলা শুরু হয়েছিল। এই সরকারের ৮ বছর পূর্ণ হয়েছে। মোদী সরকারের ৮ বছর পূর্তি উপলক্ষ্যে সমগ্র দেশ জুড়ে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তারই অঙ্গ হিসাবে আজ প্রদেশ বিজেপির উদ্যোগে অভিনন্দন মিছিলের আয়োজন করা হয়েছে।

তাঁর কথায়, বিজেপির প্রধান লক্ষ্য সমাজের অন্তিম ব্যক্তির সার্বিক বিকাশ। গত ৮ বছর ধরে প্রধানমন্ত্রীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার অন্তিম ব্যক্তির সার্বিক বিকাশে একাধিক প্রকল্প চালু করেছে। তাই প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় সরকারকে অভিনন্দন জানিয়ে এই মিছিল সংগঠিত করা হয়েছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান