স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২২ মার্চ : বিকাশ ত্রিপুরায় অন্তিম ব্যক্তির পর্যন্ত পৌঁছে যাচ্ছে সরকারি সুযোগ-সুবিধা। ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করতে হয় না। অথচ রেগায় কাজ করেও মিলছে না মজুরি। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিযোগ করলেন গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা পাল কলোনি ৬ নং ওয়ার্ডের রেগার শ্রমিকরা। তাদের অভিযোগ তিন মাস ধরে রেগার মজুরি বকেয়া শ্রমিকদের। শ্রমিকরা রেগার কাজ করেও তিন মাস ধরে পাচ্ছে না মজুরি।
এলাকার রেগা শ্রমিকরা শনিবার সকালে অভিযোগ করেন গত তিন মাস আগে তারা তাদের এলাকায় রেগার কাজ করেছিলেন। কিন্তু এখনও সেই কাজের মজুরি পায়নি। শ্রমিকরা কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েতের জি আর এস-কে মজুরি না পাওয়ার কারণ জানতে চাইলে শ্রমিকদের বলা হয়েছে তহবিলে নাকি টাকা নেই অর্থাৎ তহবিল শূন্য। তাই রেগা শ্রমিকরা তাদের কাজের মজুরি পাচ্ছেন না। শ্রমিকদের বক্তব্য যদি রেগা প্রকল্পের তহবিলে টাকা নাই থাকে তাহলে কেন তারা কাজ করানো হয়েছে? আর এখন কাজ করে সময় মতো টাকা পাচ্ছেন না শ্রমিকরা। তারা আরো বলেন এই ভাবে কাজ করে সময় মতো কাজের মজুরি না পেলে আগামী দিনে এলাকার খেটে খাওয়া গরিব শ্রমিকরা রেগার কাজ থেকে মুখ ফিরিয়ে নেবে। তাই তারা দাবি জানিয়েছেন শীঘ্রই যেন তাদের রেগার মজুরি মিটিয়ে দেওয়া হয়।

