স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ ফেব্রুয়ারি : বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মধ্যদিয়ে ৫৪ কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রের বড়গোল এলাকায় আগর মার্কেটের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। আগর মার্কেটের ভিত্তি প্রস্তর স্থাপন করেন মন্ত্রী টিঙ্কু রায়। আগর মার্কেটের ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় বলেন বর্তমানে কদমতলার আগর ব্যবসায়ীদের দেশ বিদেশের মানুষ চিনেন।
রাজ্য সরকার চেষ্টা চালাচ্ছে আগর চাষিদের জীবন মান উন্নয়ন করার জন্য। রাজ্যে যে সকল বনজ সম্পদ রয়েছে সেই গুলিকে কাজে লাগিয়ে আত্মনির্ভর হতে হবে। আগর নিয়ে সরকার কাজ শুরু করেছে। আগর চাষিরা যেন তাদের আগর বাজার জাত করতে পারে তার জন্য আগর মার্কেট নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আসামে আগরের বাজার থাকেলও সরকারি অনুমোদিত কোন বাজার নেই। উত্তর ত্রিপুরা জেলায় এই প্রথম সরকার অনুমোদিত আগর বাজার হতে যাচ্ছে। রাজ্য সরকারের পরিকল্পনা রয়েছে আগামি অর্থবর্ষে বেশকিছু আগরের বাগান করার। পাশাপাশি আগর চাষিদের দক্ষতা বৃদ্ধি করা, আগরের গুনমান পরীক্ষা করা ও প্যাকেট জাত করার ব্যবস্থা করার পরিকল্পনা রাজ্য সরকারের রয়েছে বলে জানান মন্ত্রী টিঙ্কু রায়। এইদিনের অনুষ্ঠানে মন্ত্রী টিঙ্কু রায় ছাড়াও উপস্থিত ছিলেন উওর জেলার জেলা শাসক দেবপ্রিয় বর্ধন, জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী, কদমতলা আরডি ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব, উওর জেলা বনদপ্তরের আধিকারিক সুমন মালা, জেলা সভাধিপতি ভবতোষ দাস, অল ত্রিপুরা আগর অ্যাসোসিয়েশনের সভাপতি শৈলেন নাথ, বড়গুল গ্রাম পঞ্চায়েতের প্রধান হেমন্ত কুমার নাথ, কদমতলা পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বিদ্যা ভূষণ দাস, মহকুমার বনদপ্তরের আধিকারিক অমিও সূত্রধর সহ অন্যান্যরা।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান