স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ অক্টোবর : দূর্গা পূজার আগে চালু হচ্ছে না সাব্রুম বাসীর বহু প্রতীক্ষিত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। আগামী ৬ মাসের মধ্যে শিয়ালদা থেকে সাব্রুমের উদ্দেশ্যে রওনা দেবে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। মঙ্গলবার সাব্রুম সফরে আসে ভারতীয় রেল দপ্তরের উত্তর-পূর্ব ফ্রন্টিয়ার এন এফ রেলওয়ের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তবের নেতৃত্বে রেল দপ্তরের এক প্রতিনিধি দল।
এদিন তারা সফর সঙ্গী হিসেবে ছিলেন বি এস এফ -এর ৯৬ নম্বর ব্যাটেলিয়ানের অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট অরুণ পন্হ, সাব্রুম মহাকুমা প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডি সি এম নকুল পাল প্রমুখ। প্রতিনিধি দল খতিয়ে দেখেন সাব্রুমের রেল স্টেশনের সর্বাঙ্গীণ পরিকাঠামো। তারপর সাব্রুম রেলস্টেশনে রানিং রুমের উদ্বোধন করেন শ্রীযুক্ত শ্রীবাস্তব। আনুমানিক নয়টা নাগাদ রেল দপ্তরের নর্থ ইস্ট ফ্রন্টিয়ারের জেনারেল ম্যানেজার শ্রীযুক্ত চেতন কুমার শ্রীবাস্ত সাব্রুমে ভারত বাংলা মৈত্রী সেতু সংলগ্ন আইসিপি স্হল পর্যবেক্ষণ করেন, ঘুরে দেখেন মৈত্রী সেতু।
সেখানে বিএসএফের ৯৬ নম্বর ব্যাটেলিয়ানের অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট অরুণ পন্হ ভারত বাংলা মৈত্রী সেতু এবং নির্মীয়মান আইসিপি সংক্রান্ত সমস্ত তথ্য সম্পর্কে জানান দেন রেলের নর্থ ইস্ট ফ্রন্টইয়ারের জেনারেল ম্যানেজারকে। রেল মন্ত্রকের অধিকারিক শ্রীবাস্তব জানান মূলত আগামী ছয় মাসের মধ্যে শুরু হতে যাচ্ছে সাব্রুম থেকে কলকাতা পর্যন্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পথচলা। আর এই বিষয়টি কেন্দ্র করে ইলেকট্রি ফিকেশনের কাজ, রাস্তার মেরামতি সংক্রান্ত বিষয়ে এবং গুণগত মান খতিয়ে দেখেন জেনারেল ম্যানেজার। এছাড়াও সাব্রুমের নির্মীয়মান আই সি পি অর্থাৎ ইন্টিগ্রেটেড চেকপোস্ট পর্যন্ত রেললাইন সম্প্রসারিত করার বিষয়েও আলোকপাত করেন।

