Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য ত্রিপুরায় জাতীয় সড়ক থেকে পুকুরে গুয়াহাটি-আগরতলা যাত্ৰীবাহী বাস, আহত ১১

ত্রিপুরায় জাতীয় সড়ক থেকে পুকুরে গুয়াহাটি-আগরতলা যাত্ৰীবাহী বাস, আহত ১১

ত্রিপুরায় জাতীয় সড়ক থেকে পুকুরে গুয়াহাটি-আগরতলা যাত্ৰীবাহী বাস, আহত ১১



আগরতলা, ১৫ মে (হি.স.) : নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস জাতীয় সড়ক থেকে ছিটকে গিয়ে পড়েছে পুকুরে। তাতে বাসের ১১ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। গুয়াহাটি থেকে আগরতলা আসার পথে লংতরাইভ্যালি মনু থানাধীন করমছড়া বাজার সংলগ্ন এলাকায় শেরওয়ালি ট্র্যাভেলসের একট যাত্রীবাহী বাস দুর্ঘটনার কবলে পড়ে। দমকল কর্মীরা রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।

জনৈক এলাকাবাসী জানিয়েছেন, আজ সোমবার ভোর ৫-টা নাগাদ গুয়াহাটি থেকে আগরতলার উদ্দেশ্যে আসছিল একটি যাত্রীবাহী বাস। লংতরাইভ্যালির মনু থানাধীন করমছড়া বাজার সংলগ্ন এলাকায় বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে অসম-আগরতলা ৮ নম্বর জাতীয় সড়কের পাশে একটি পুকুরে গিয়ে পড়েছে বাসটি। তাতে ওই বাসের ১১ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। বিকট শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় মানুষজন। তাঁরা দমকল বাহিনী ও মনু থানায় খবর দেন। দমকলকর্মীরা রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে বিরাশি মাইল প্রাথমিক স্বাহ্যকেন্দ্রে নিয়ে যান। বড়সড় দুর্ঘটনা থেকে যাত্রীরা অল্পেতে রক্ষা পেয়েছেন বলে জানান তিনি।

এ বিষয়ে জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন, আজ সকালে করমছড়া বাজার সংলগ্ন এলাকায় এএস ০১ এনসি ৪২৬৯ নম্বরের শেরওয়ালি ট্র্যাভেলসের একটি যাত্রীবাস দুর্ঘটনার কবলে পড়েছে। তাতে গুরুতর আহত হয়েছেন ১১ জন যাত্রী। সেই খবর পেয়ে হাসপাতালে ছুটে গিয়েছে পুলিশ। কিন্তু বর্তমানে হাসপাতালে ৯ জন যাত্রী চিকিৎসাধীন। তবে দুই যাত্রী হাসপাতালে নেই বলে জানান তিনি। পুলিশের প্রাথমিক ধারণা, ওই দুই যাত্রী হয়তো হাসপাতাল থেকে ছুটি নিয়ে চলে গিয়েছেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha