স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২১ নভেম্বর :
পুর ভোটের প্রাক্কালে এক বিজেপি নেত্রীকে এলাকা থেকে উৎখাত করার সিদ্ধান্ত নিলেন জনগণ। বিজেপি নেত্রীকে চিরদিনের জন্য এলাকায় না আসার নিদানও দিলেন তারা। ঘটনা কৈলাসহরের ১৪ নং ওয়ার্ডের দূর্গাপুর এলাকায়। অভিযোগ, কৈলাসহর পুর পরিসদের চৌদ্দ নং ওয়ার্ডের দূর্গাপুর এলাকার বাসিন্দা এই বিজেপি নেত্রী। তার স্বামী এক কাপড় ব্যবসায়ী। বিগত দেড় দুই মাস পূর্বে এই বিজেপি নেত্রীর এক অশ্লীল ভিডিও ফুটেজ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। এই ভিডিও চাউর হতেই রাতের অন্ধকারে তিনি এবং তার স্বামী দূর্গাপুর বাড়ি থেকে পালিয়ে যায়। বর্তমানেও পলাতক রয়েছেন।
তবে, তার পরিবারের অন্যান্য সদস্যরা এলাকায় রয়েছেন। আগামী সাতাশ নভেম্বর পুর পরিষদ ভোটে নিজের ভোটদান প্রয়োগ করতে আগামী দুই তিন দিনের মধ্যে তিনি এবং তার স্বামী বাড়িতে আসার পরিকল্পনা নিয়েছেন বলে এলাকাবাসী জানতে পারেন। এই খবর জানার পর গোটা এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে উঠে। এলাকাবাসীরা একত্রিত হয়ে শুক্রবার সন্ধ্যায় দূর্গাপুর এলাকার বরিষ্ট নাগরিক হীরালাল ভৌমিকের বাড়িতে এক বৈঠক করেন। সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে, এই বিজেপি নেত্রীর অশ্লীল ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ হবার পর এলাকার সুনাম নষ্ট হয়েছে এবং এর প্রভাব এলাকার নতুন প্রজন্মের উপর প্রভাব পড়বে।
এছাড়া এই নোংরা ঘটনা জনসমক্ষে আসার সাথে সাথেই তিনি এবং তার স্বামী যেহেতু রাতের অন্ধকারে এলাকা ত্যাগ করেছেন তাই, আর কোনো দিন এই নেত্রী যেন দূর্গাপুর এলাকায় না আসে। হীরালাল ভৌমিকের বাড়িতে এলাকাবাসীরা এই সিদ্ধান্ত নেওয়ার পর এলাকাবাসী শনিবার দুপুরে দূর্গাপুর এলাকায় এক সাংবাদিক সম্মেলন করেন। সাংবাদিক সম্মেলনে রবীন্দ্র নারায়ন দাস সহ অন্যান্য নাগরিকরা জানান যে, অভিযুক্ত মহিলা এবং তার স্বামীকে দূর্গাপুর এলাকায় থাকতে দেওয়া হবে না। যদি বিজেপি নেত্রী অর্থাৎ মহিলা এলাকায় আসে, তাহলে তারা ভোট বয়কট করবে বলেও জানিয়েছেন। তবে এলাকায় এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান