Saturday, November 21, 2026
বাড়ি রাজ্য ভোটাধিকার রক্ষায় চার দফা দাবি, নির্বাচন কমিশন ও পুলিশের দ্বারস্থ মানবাধিকার সংগঠন

ভোটাধিকার রক্ষায় চার দফা দাবি, নির্বাচন কমিশন ও পুলিশের দ্বারস্থ মানবাধিকার সংগঠন

ভোটাধিকার রক্ষায় চার দফা দাবি, নির্বাচন কমিশন ও পুলিশের দ্বারস্থ মানবাধিকার সংগঠন

 



আগরতলা, ২১ নভেম্বর (হি.স.) : আসন্ন পুর ও নগর নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার পাশাপাশি ভোটাধিকার সুনিশ্চিত করার দাবিতে সরব হলো ত্রিপুরা হিউম্যান রাইটস অর্গানাইজেশন। নির্বাচনে ভোটারদের নিরাপত্তা এবং নির্বিঘ্নে ভোটদানের পরিবেশ নিয়ে আশঙ্কা প্রকাশ করে শুক্রবার রাজ্য নির্বাচন কমিশনের কাছে চার দফা দাবি সংবলিত স্মারকলিপি পেশ করল সংগঠনটি। একই দাবির ভিত্তিতে রাজ্য পুলিশের মহা নির্দেশকের কাছেও ডেপুটেশন প্রদান করা হয়েছে। সংগঠনের পক্ষে এই কর্মসূচির নেতৃত্ব দেন রাজ্যের বিশিষ্ট আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন।

এদিন সংগঠনের একটি প্রতিনিধি দল রাজ্য নির্বাচন কমিশনের সচিবের সঙ্গে সাক্ষাৎ করে আসন্ন পুর ও নগর নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন উদ্বেগের কথা তুলে ধরে। প্রতিনিধি দলের পক্ষ থেকে কমিশনের সচিবের হাতে চার দফা দাবিসম্বলিত একটি স্মারকলিপিও তুলে দেওয়া হয়। সংগঠনের বক্তব্য, নির্বাচনে প্রত্যেক নাগরিকের ভোটাধিকার প্রয়োগের সাংবিধানিক অধিকার রয়েছে। কিন্তু অতীতের বিভিন্ন নির্বাচনে ভোটারদের অভিজ্ঞতা এবং সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় আসন্ন নগর নির্বাচনেও ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে বাধা ও নিরাপত্তাহীনতার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

স্মারকলিপিতে সংগঠনের পক্ষ থেকে চারটি গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করা হয়েছে। প্রথমত, পুর ও নগর নির্বাচনকে কোনওভাবেই প্রহসনে পরিণত হতে দেওয়া যাবে না। সে জন্য প্রতিটি ভোটকেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করতে হবে, যাতে ভোটাররা নির্ভয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। দ্বিতীয়ত, শুধু ভোটকেন্দ্রের ভিতরেই নয়, ভোটকেন্দ্রমুখী রাস্তাগুলিতেও যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে। তৃতীয়ত, ভোটারদের সুবিধার্থে একটি নির্দিষ্ট হেল্পলাইন নম্বর চালু করতে হবে, যাতে ভোটদানের সময় কোনও ধরনের বাধা, হুমকি কিংবা অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হলে তাঁরা দ্রুত প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে পারেন। চতুর্থত, ইভিএমের পাশাপাশি ভোটের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে ভিভিপ্যাটের ব্যবস্থা রাখতে হবে।

ডেপুটেশন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন বলেন, রাজ্যে ভোটদানকে কেন্দ্র করে সাধারণ নির্বাচকমণ্ডলীর অভিজ্ঞতা অতীতে বহু ক্ষেত্রেই তিক্ত হয়েছে। ভোট দিতে গিয়ে ভোটারদের রক্তাক্ত হওয়ার মতো ঘটনাও রাজ্যে ঘটেছে। ফলে সাধারণ মানুষের মধ্যে ভোটাধিকার প্রয়োগ নিয়ে উদ্বেগ ও আশঙ্কা তৈরি হওয়া অস্বাভাবিক নয়। তাঁর বক্তব্য, গণতন্ত্রের মূল ভিত্তি হলো অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। সেখানে ভোটার যদি নিজের পছন্দের প্রার্থীকে নির্ভয়ে ভোট দিতে না পারেন, তাহলে নির্বাচনের প্রকৃত উদ্দেশ্যই ব্যাহত হয়।

তিনি আরও বলেন, ইতিমধ্যেই রাজ্যের পাঁচটি পুর ও নগর সংস্থায় বিরোধী পক্ষের প্রার্থীরা মনোনয়নপত্র পর্যন্ত দাখিল করতে পারেননি। এই পরিস্থিতিতে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে। সংশ্লিষ্ট বিষয়গুলিতে রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকা ও ব্যবস্থা গ্রহণ নিয়েও তাঁরা সন্তুষ্ট নন বলে জানান পুরুষোত্তম রায় বর্মন। তাঁর মতে, মনোনয়ন পর্ব থেকে শুরু করে ভোটগ্রহণ এবং ভোট গণনা পর্যন্ত প্রতিটি স্তরে নির্বাচনের পরিবেশ সুরক্ষিত রাখা নির্বাচন কমিশনের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব।

তিনি জানান, আসন্ন পুর ও নগর নির্বাচন যেন কোনওভাবেই প্রহসনে পরিণত না হয় এবং প্রত্যেক ভোটার যাতে স্বাধীনভাবে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করার লক্ষ্যেই এই ডেপুটেশন। সংগঠনের দাবি, কেবল ভোটগ্রহণের দিন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করলেই হবে না, ভোটকেন্দ্রে পৌঁছনোর পথেও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি অভিযোগ জানানোর কার্যকর ব্যবস্থা এবং ভোটদানের স্বচ্ছতা বজায় রাখার জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত ব্যবস্থাও গ্রহণ করতে হবে।

এদিকে, নির্বাচন কমিশনের পাশাপাশি একই দাবিতে শুক্রবার রাজ্য পুলিশের মহা নির্দেশকের কাছেও ডেপুটেশন প্রদান করে ত্রিপুরা হিউম্যান রাইটস অর্গানাইজেশন। তবে পুলিশ মহা নির্দেশক অনুপস্থিত থাকায় তাঁর পরিবর্তে স্মারকলিপি গ্রহণ করেন রাজ্য পুলিশের আইজি (আইনশৃঙ্খলা) মনচাক ইপ্পার।

সব মিলিয়ে আসন্ন পুর ও নগর নির্বাচনকে ঘিরে ভোটারদের নিরাপত্তা ও গণতান্ত্রিক অধিকার রক্ষার প্রশ্নে নতুন করে সরব হয়েছে মানবাধিকার সংগঠনটি। এখন নির্বাচন কমিশন ও রাজ্য পুলিশ ভোটারদের আশঙ্কা দূর করতে এবং অবাধ, শান্তিপূর্ণ ও স্বচ্ছ ভোটগ্রহণ নিশ্চিত করতে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করে, সেদিকেই নজর থাকবে সংশ্লিষ্ট মহলের।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha