স্যন্দন
ডিজিটাল
ডেস্ক, আগরতলা।
১৬ নভেম্বর : নির্বাচন যতই এগিয়ে আসছে বিরোধী শিবির নিরাপত্তা নিয়ে প্রশ্নবোধক চিহ্ন তৈরি করে কাঠগড়ায় তুলছে প্রশাসনকে। রবিবার রাজ্য নির্বাচন দপ্তর মারফত জানা গেছে আরো ২৫ কোম্পানি সিআরপিএফের দাবি করা হয়েছে। কিন্তু তাতে সন্তুষ্ট নয় বিরোধী শিবির। সুষ্ঠুভাবে মনোনয়নপত্র দাখিল, প্রচার এবং আগামী ২৭ নভেম্বর সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট সহ ২ ডিসেম্বর গণনা নিয়ে চিন্তায় পড়েছে। বারবারই প্রশাসনের দারস্থ হয়ে দাবি করছে নির্বাচন শান্তিপূর্ণ করতে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার জন্য।
সোমবার পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের দারস্থ হয়ে ধর্নায় বসলো কংগ্রেস। ধর্নাস্হলে উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন সহ কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব ও কর্মী সমর্থক। তারা এদিন জেলা নির্বাচন আধিকারিক তথা পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডঃ বিশাল কুমারের দরজা আটকে বসে নিরাপত্তার দাবি করেন। উপস্থিত বিধায়ক তথা সি ডব্লিউ সি -র মেম্বার সুদীপ রায় বর্মন বলেন, কংগ্রেস প্রার্থীরা যখন বাড়ি বাড়ি যাচ্ছেন তখন মানুষের একটি বক্তব্য ভোট দিতে পারবো তো? অপমানিত হতে হবে না তো? তাড়িয়ে দেবে না তো? তাই মানুষের স্বার্থে প্রত্যেকটি ভোটকেন্দ্রে সেন্ট্রাল আর্ম প্যারা মিলিটারি ফোর্স দিয়ে ভোট পরিচালনা করা হোক।
যাতে ভোট চোরেরা ভোট চুরি করতে না পারে। ভিলেজ কমিটির নির্বাচনে যদি সেন্ট্রাল আর্ম প্যারা মিলিটারি ফোর্স দিয়ে নির্বাচন সম্পন্ন করা যায় তাহলে পৌর ও নগর সংস্থা নির্বাচনে কেন সেন্ট্রাল আর্ম প্যারা মিলিটারি ফোর্স দিয়ে নির্বাচন করা হবে না? এক চোখে ঘি এক চোখে তেল কেন? পাহাড়ে বিজেপিকে রক্ষা করার জন্য এই কেন্দ্রীয় বাহিনী আনা হলে পুর নির্বাচনে কেন আনা হবে না? এর অর্থ কি প্রশাসন চায় বিজেপি বিরোধীদের মারধর করুক এবং মানুষের ভোট আটকে দিতে? কংগ্রেস চায় মানুষ যাতে শান্তিপূর্ণভাবে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে। তাই প্রত্যেকটি ভোটকেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী এবং মাইক্রো অবজারভার রাখার দাবি করছে কংগ্রেস। কিন্তু জেলাশাসক কোন সুষ্ঠুভাবে আশ্বাস দিতে পারেনি। তাই জেলা শাসকের কার্যালয়ের মধ্যে ধর্নায় বসেছে কংগ্রেস। বিধায়ক সুদীপ রায় বর্মন আরো বলেন, যারা বিজেপিকে রাজ্যের প্রতিষ্ঠিত করেছে তারা অপমানিত, কোণঠাসা। বিজেপি দলে এখন পচা মালগুলি দায়িত্বে আছে। প্রতিদিন বিজেপির নিষ্ঠাবান কার্যকর্তাদের অপমানিত করে বেড়াচ্ছে। যাদের পকেটে মাল আছে তাদের কাছে বিজেপি। তারা বিজেপি-র নেতৃত্ব। এদিকে জেলার নির্বাচন আধিকারিক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, সিআরপিএফ এবং মাইক্রো আফজার্ভার দুটিই কেন্দ্রীয় সরকারের অধীন। তারপরেও আগরতলা পুর নিগমের সবকটি ভোট কেন্দ্রে যাতে সিআরপিএফ দেওয়া যায় তার জন্য নির্বাচন দপ্তর থেকে অগ্রিম ২৫ কোম্পানি সিআরপিএফ চাওয়া হয়েছে। পাশাপাশি প্রত্যেক ভোটকেন্দ্রে যাতে মাইক্রো অবজারভার থাকে তার জন্য চেষ্টা করছে। পাশাপাশি নিরাপত্তা যাতে সঠিকভাবে প্রদান করা যায় তার জন্য উচ্চ পর্যায়ে বৈঠক চলছে। জেলা নির্বাচন আধিকারিক আশ্বস্ত করেছেন সিআরপিএফ এবং মাইক্রো আফজার্ভার দুটি নিয়ে চূড়ান্ত কোন কিছু জানা গেলে অবশ্যই অবগত করা হবে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান