স্যন্দন
ডিজিটাল
ডেস্ক, আগরতলা।
১৪ নভেম্বর : আসন্ন নগর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে সাব্রুম মেলার মাঠে আয়োজিত হলো এক নির্বাচনী জনসভা।সমাবেশে সাব্রুমের ৯ টি ওয়ার্ডের প্রার্থীদের জন্য ভোট প্রচার করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এর মধ্যে ৮ জন বিজেপির মনোনীত প্রার্থী এবং ১ জন এনডিএ জোটের শরিক দল তিপ্রা মথা দলের প্রার্থী। বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা বলেন, এবারের নির্বাচনকে তাঁরা ২০২৮ -এর বিধানসভার নির্বাচনের আগে 'সেমিফাইনাল' হিসেবে দেখছেন। তাই ফাইনালের আগে সেমিফাইনালকে বিশেষ নজর দিচ্ছে বিজেপি। এনডিএ-র সরকার হিংসা বিশ্বাস করে না।
তাই এই সরকারের বিকল্প নেই। যার কারণে ৩৫ বছর ফিরিয়ে আনতে সিপিআইএম বিভিন্ন জায়গায় আক্রান্ত হচ্ছে বলে প্ররোচনা দিচ্ছে। কিন্তু তাদের প্ররোচনার ফাঁদে পা দেওয়া যাবে না। ভারতীয় জনতা পার্টির মূল উদ্দেশ্য হলো জনগণের সেবা করা। মুখ্যমন্ত্রী আরও বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে মানুষের যেভাবে সমর্থন এ সরকারের উপর রয়েছে তাতে নিশ্চিত ২১ টি পৌর সংস্থার মধ্যে ২১ টি পৌর সংস্থায় জয়ী হবে ভারতীয় জনতা পার্টি। মুখ্যমন্ত্রী বলেন বিরোধী দলনেতা অনেক ভাবেই চেষ্টা করেছেন রাজ্যে আইনশৃঙ্খলা নেই বলে বিভ্রান্তি সৃষ্টি করার।
কিন্তু অবাক করার বিষয় হলো তাঁদের সময় আইনশৃঙ্খলা কোথায় ছিল? কিন্তু তারা জানে না একটি আঙ্গুল বর্তমান সরকারের দিকে তুললে চারটি আঙ্গুল তাদের দিকে উঠবে। ভোটারদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, বিরোধীদের এক ইঞ্চি জমি দেবেন না। এখন তারা বামগ্রেস হয়েছে। এতে ভারতীয় জনতা পার্টির সুবিধা হয়েছে। আগামী ৪০ বছরও ভারতীয় জনতা পার্টিকে কেউ হারাতে পারবে না। আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক প্রমোদ রিয়াং সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান