Sunday, November 1, 2026
বাড়ি রাজ্য পুর ভোটে লড়বে এনডিএ জোট, সম্মানজনক আসন চায় মথা

পুর ভোটে লড়বে এনডিএ জোট, সম্মানজনক আসন চায় মথা

পুর ভোটে লড়বে এনডিএ জোট, সম্মানজনক আসন চায় মথা

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১ নভেম্বর : ২০২১ সাল থেকে পাহাড়ে তিপরা মথার রাজনৈতিক কৌশল দেখছে রাজ্যবাসী। ভিলেজ কমিটি নির্বাচনে বিজেপি একা লড়াই করতে না পেরে তিপরা মথার সঙ্গে জোট হয়ে এনডিএ জোট হিসেবে লড়াই করেছে। সেই বন্ধুত্বের লড়াই এবার শুধু পাহাড়ের সীমাবদ্ধ নয়, সমতলে নিয়ে আসতে সমাদর করছে বিজেপি। এনডিএ জোট লড়াই করবে আসন্ন আগরতলা পুর নিগম ও পৌর পরিষদ সহ নগর পঞ্চায়েতের নির্বাচনে। এই ঘোষণা দেওয়া হল উভয় দলের নেতৃত্বের পক্ষ থেকে। আসন্ন নির্বাচনে এনডিএ জোটের শরিক দলগুলিকে সঙ্গে নিয়েই ঐক্যবদ্ধভাবে লড়াই করার সিদ্ধান্ত হয়েছে।

 রবিবার বিজেপি ও তিপরা মথার প্রতিনিধিদের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা জানান মন্ত্রী রতন লাল নাথ। তবে শরিক দলের পক্ষ থেকে উত্থাপিত প্রস্তাবগুলি নিয়ে দলীয় স্তরে আলোচনার পর সোমবার রাতের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানান তিনি। মন্ত্রী রতন লাল নাথ বলেন, আসন্ন পুর নির্বাচনে এনডিএ-র সমস্ত শরিক দলকে সঙ্গে নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে। এর আগে এডিসির ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএ জোট ঐক্যবদ্ধভাবে লড়াই করেছিল। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই তিপ্রা মথার পক্ষ থেকে আসন্ন পুর নির্বাচনেও জোটবদ্ধভাবে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করা হয়।

 তিনি জানান, তিপ্রা মথার এই প্রস্তাব নিয়ে বিজেপির দলীয় স্তরে আলোচনা হয়েছে। দলের নির্দেশ অনুযায়ী শরিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসে তাঁদের বক্তব্য ও প্রস্তাবগুলি বিস্তারিতভাবে শোনা হয়েছে। আলোচনা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও ফলপ্রসূ হয়েছে বলে দাবি করেন তিনি। বৈঠকে তিপ্রা মথার পক্ষ থেকে বিশ্বজিৎ বর্মা, রঞ্জিত দেববর্মা, অনন্তচন্দ্র জমাতিয়া ও প্রশান্ত শীল উপস্থিত ছিলেন বলে জানান মন্ত্রী। রতন লাল নাথ স্পষ্ট করেন, আসন্ন পুর নির্বাচনে এনডিএ ঐক্যবদ্ধভাবে লড়াই করবে—এই বিষয়ে উভয় পক্ষের মধ্যে সহমত তৈরি হয়েছে। তবে তিপ্রা মথার পক্ষ থেকে দেওয়া প্রস্তাবগুলির বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিজেপির দলীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করেই সোমবার রাতের মধ্যে এই বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। এদিকে বিধায়ক রঞ্জিত দেববর্মা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, আসন্ন পুর ভোটে বিজেপির সঙ্গে জোট হয়ে লড়াই করতে চায় তিপরা মথা। ভিলেজ কমিটির নির্বাচনের মতই এনডিএ জোট হয়ে এই লড়াই করবে। এর জন্য বিজেপির নেতৃত্বের কাছে সম্মানজনক আসন চাওয়া হয়েছে। সোমবার কোর কমিটির বৈঠকের পর তাদের আসন সংখ্যা জানিয়ে দেওয়া হবে বলে জানান রঞ্জিত দেববর্মা। তবে আসন্ন নির্বাচনে এডিএ জোট কতটা হজম করবে সাধারণ জনগণ সেটাই এখন দেখার বিষয়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha