স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩০ অক্টোবর ; আসন্ন পুর ও নগর স্থানীয় সংস্থার (ULB) সাধারণ নির্বাচনকে সামনে রেখে প্রায় সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছে ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশন। আগামী ২৭ নভেম্বর রাজ্যে অনুষ্ঠিত হবে পুর নির্বাচন। ভোট গণনা হবে ২ ডিসেম্বর এবং ৪ ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ হবে নির্বাচনী প্রক্রিয়া।
শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে রাজ্য নির্বাচন কমিশনার পি কে চক্রবর্তী জানান, আগামী ৯ ডিসেম্বর ২০২৬ তারিখে বর্তমান পুর ও নগর স্থানীয় সংস্থাগুলির মেয়াদ শেষ হতে চলেছে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত ডি জি পি জি এস রাও এবং নির্বাচন কমিশনের সচিব অনুরাগ সেন।
নির্বাচন কমিশনের ঘোষিত সূচি অনুযায়ী, ৩০ অক্টোবর জারি করা হবে নির্বাচনী বিজ্ঞপ্তি। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৬ নভেম্বর। ৭ নভেম্বর হবে মনোনয়নপত্র পরীক্ষা। প্রার্থীরা ১০ নভেম্বর পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন। ২৭ নভেম্বর সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।
এবারের নির্বাচনে মোট ৬ লক্ষ ২৯ হাজার ৯০৩ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ লক্ষ ৮ হাজার ১১৫ জন, মহিলা ভোটার ৩ লক্ষ ২১ হাজার ৭৪৩ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪৫ জন।
রাজ্যের মোট ২১টি পুর ও নগর স্থানীয় সংস্থার ৩৪৫টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৯টি আসন তফসিলি জনজাতি, ৮০টি আসন তফসিলি জাতি এবং ২৫৬টি আসন অসংরক্ষিত রাখা হয়েছে। পাশাপাশি, মোট ১৬২টি আসন মহিলাদের জন্য সংরক্ষিত রয়েছে।
নির্বাচন পরিচালনার জন্য ইতিমধ্যে ৭৮৩টি ভোটগ্রহণ কেন্দ্র এবং ২৩টি ভোট গণনা কেন্দ্র চূড়ান্ত করেছে কমিশন। রাজ্যের আটটি জেলার জেলাশাসক ও কালেক্টরদের সংশ্লিষ্ট জেলার জেলা পুর নির্বাচন আধিকারিক হিসেবে নিযুক্ত করা হয়েছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান