Wednesday, October 28, 2026
বাড়ি রাজ্য চিকিৎসক ও নার্স সংকটে বেহাল তিলথৈ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, লাটে উঠার উপক্রম স্বাস্থ্য পরিষেবা

চিকিৎসক ও নার্স সংকটে বেহাল তিলথৈ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, লাটে উঠার উপক্রম স্বাস্থ্য পরিষেবা

চিকিৎসক ও নার্স সংকটে বেহাল তিলথৈ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, লাটে উঠার উপক্রম স্বাস্থ্য পরিষেবা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৮ অক্টোবর : ​পানিসাগর মহকুমার তিলথৈ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক এবং নার্সিং কর্মীর চরম অভাবে কারণে দীর্ঘদিন ধরে মুখ থুবড়ে পড়েছে স্বাভাবিক চিকিৎসা পরিষেবা। একটি মাত্র স্বাস্থ্যকেন্দ্রের উপর স্বাস্থ্যসেবার জন্য পুরোপুরি নির্ভরশীল প্রায় আটটি গ্রাম পঞ্চায়েতের সাধারণ মানুষ। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, বর্তমানে মাত্র দু’জন চিকিৎসক ও তিনজন নার্স দিয়েই নামমাত্র চলছে এই গুরুত্বপূর্ণ স্বাস্থ্যকেন্দ্রটির কাজকর্ম। এর ফলে প্রতিদিন প্রয়োজনীয় চিকিৎসাটুকু পেতেও মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছেন এলাকার দূরদূরান্ত থেকে আসা রোগীরা ও তাঁদের পরিজনরা।

স্বাস্থ্য কেন্দ্রে অবিলম্বে চিকিৎসক ও নার্সের সংখ্যা বাড়ানোর জোরালো দাবিতে এবার তীব্র অসন্তোষ প্রকাশ করে সোচ্চার হয়েছেন তিলথৈ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের জন আরোগ্য সমিতির চেয়ারম্যান প্রশান্ত দেবনাথ। তার সাফ দাবি, এলাকার সাধারণ মানুষের নিরবচ্ছিন্ন চিকিৎসা পরিষেবা সুনিশ্চিত করতে এই স্বাস্থ্য কেন্দ্রে অবিলম্বে অন্তত তিনজন চিকিৎসক এবং পাঁচজন নার্স নিয়োগ করা অত্যন্ত জরুরি। প্রশান্ত দেবনাথের আরও অভিযোগ, চিকিৎসক ও নার্সের এই ভয়াবহ ঘাটতির কথা জানিয়ে একাধিকবার উত্তর জেলা স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে লিখিত ও মৌখিক আবেদন জানানো হয়েছে। অথচ বারবার তদ্বির করা সত্ত্বেও কোন অদৃশ্য কারণে জন্য এখনও পর্যন্ত রাজ্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে কোনো ধরনের কার্যকর পদক্ষেপ বা সুরাহা মেলেনি। এদিকে, আটটি গ্রাম পঞ্চায়েতের মানুষের স্বাস্থ্যরক্ষার অন্যতম প্রধান ভরসা এই হাসপাতালে পর্যাপ্ত কর্মী না থাকায় স্থানীয় বাসিন্দাদের মনে ক্ষোভের আগুন দাউদাউ করে জ্বলছে। তাঁদের একটাই স্পষ্ট দাবি, অবিলম্বে শূন্যপদগুলিতে চিকিৎসক ও নার্স নিয়োগ করে স্বাস্থ্য পরিষেবাকে স্বাভাবিক ও গতিশীল করতে হবে।

তিলথৈ জন আরোগ্য সমিতির চেয়ারম্যান প্রশান্ত দেবনাথ কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, খুব শীঘ্রই যদি তাঁদের এই যৌক্তিক দাবি পূরণ না করা হয়, তবে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আগামী দিনে বৃহত্তর ও তীব্র আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবেন তারা। এমনকি এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য প্রয়োজনে সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ারও চরম হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এখন দেখার বিষয়, আটটি গ্রাম পঞ্চায়েতের হাজার হাজার সাধারণ মানুষের স্বাস্থ্য ও জীবনরক্ষার কথা মাথায় রেখে স্বাস্থ্য দপ্তর কবে এই গুরুতর সমস্যার সমাধানে সুনির্দিষ্ট ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha