স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ অক্টোবর : ভারত-বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে ভারতের ভূখণ্ডে প্রবেশের অভিযোগে বাংলাদেশের দুই পুলিশ কর্মীকে আটক করল বিএসএফ। এই ঘটনাকে কেন্দ্র করে আশাবাড়ি সীমান্ত এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। পরবর্তীতে বিএসএফের উদ্যোগে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে ওই দুই পুলিশ কর্মীকে বাংলাদেশ প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়। জানা যায়, বাংলাদেশের কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানাধীন শশীদল ইউনিয়নের আশাবাড়ি সীমান্তের ২০৫৯ নম্বর সীমান্ত পিলার সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে।
অভিযোগ, বৃহস্পতিবার রাতে আনুমানিক সাড়ে ১০ টা নাগাদ রাত্রিকালীন টহল চলাকালীন বাংলাদেশের ব্রাহ্মণপাড়া থানার এএসআই ইমরান হোসেন এবং কনস্টেবল রোহিত দেওয়ান সীমান্ত অতিক্রম করে ভারতের আশাবাড়ি সীমান্তের ১৬৭ ও ১৬৮ নম্বর গেট সংলগ্ন এলাকায় প্রবেশ করেন। সেই সময় ভারতের ভূখণ্ডে তাদের উপস্থিতি লক্ষ্য করেন স্থানীয়রা। এরপর তাঁদের আটক করার খবর ছড়িয়ে পড়ে। দুই পুলিশ সদস্য মদ্যপ অবস্থায় ছিলেন বলেও অভিযোগ উঠেছে। তবে এই অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্যও পাওয়া যায়নি। এই খবর বিএসএফ -এর কাছে পৌঁছালে সীমান্তরক্ষীরা বিষয়টি নিয়ে তৎপর হন। পরবর্তী সময় বাংলাদেশের দুই পুলিশ কর্মীকে বিএসএফের হেফাজতে নেওয়া হয় বলে জানা গেছে।
রাতভর
তাদের আশাবাড়ি বিওপিতে জিজ্ঞাসাবাদ করা হয় বলেও সূত্রের দাবি।শুক্রবার দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের
মধ্যে যোগাযোগের পর পতাকা বৈঠকের
উদ্যোগ নেওয়া হয়। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভারতীয় বিএসএফের ৪৯ নম্বর ব্যাটালিয়নের
উদ্যোগে রহিমপুর কাটামুড়া বিওপি থেকে রহিমপুর সীমান্তের ১৬৩ নম্বর গেট ও ২০৫৭ নম্বর
সীমান্ত পিলারের জিরো পয়েন্টে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী,পুলিশ এবং গোয়েন্দা বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বলে জানা গেছে। দীর্ঘ আলোচনা শেষে বাংলাদেশের দুই পুলিশ সদস্যকে বাংলাদেশি কর্তৃপক্ষের হাতে হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হয়। তবে দুই পুলিশ কর্মী কি কারণে ভারতের
ভূখণ্ডে প্রবেশ করেছিল সে বিষয়টা নিয়েও
উৎকণ্ঠা তৈরি হয়েছে। এর পেছনে বড়
কোন রহস্য রয়েছে কিনা তদন্ত চলছে। তবে বিভিন্ন মহল বিভিন্ন কিছু দাবি করল প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান