স্যন্দন ডিজিটাল ডেস্ক আগরতলা, ২ অক্টোবর: আগরতলা হেরিটেজ পার্কের সামনে দুই তরুণীকে একটি গাড়িতে তুলে নিয়ে যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, তরুণীদের চিৎকার শুনে কয়েকজন যুবক গাড়িটির পিছু ধাওয়া করেন। পরে পুলিশের সহায়তায় পূর্বশার পেছনদিকে গাড়িটিকে আটকানো হয়।
স্থানীয় এক দোকানদারের বক্তব্য, গাড়িতে থাকা ব্যক্তিরা এলাকার পরিচিত নন। ওই তরুণীকে জোর করে গাড়িতে তোলার চেষ্টা করা হচ্ছিল বলে অভিযোগ। চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসতেই পরিস্থিতি বদলে যায়।
স্থানীয়দের দাবি, গাড়ির ভিতরে দুই যুবক ও দুই তরুণী ছিলেন। ঘটনাস্থলে প্রশাসনের সদস্যরা পৌঁছে একজন যুবককে আটক করেন। অপর এক যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা গেছে। গাড়িটি পূর্বাশার গলি দিয়ে ঘটনাস্থলে এসেছিল বলেও স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে।
ঘটনার পর সংশ্লিষ্ট তরুণীদের পূর্ব আগরতলা থানায় নিয়ে যাওয়া হয়। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে। তবে ঘটনাটি সত্যিই অপহরণের চেষ্টা ছিল কি না, নাকি এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। তদন্তের পরই ঘটনার প্রকৃত কারণ এবং জড়িতদের ভূমিকা পরিষ্কার হবে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান