স্যন্দন
ডিজিটাল
ডেস্ক, আগরতলা।
৩০ সেপ্টেম্বর : সময় জ্ঞান হারাচ্ছে সরকারি দপ্তর গুলি। আমন্ত্রণ পত্রে উল্লেখিত সময়ের সঙ্গে মিল থাকে না অনুষ্ঠান শুরু হওয়ার সময়ের। মন্ত্রীদের উপস্থিত থাকার সময়সীমা দিয়েই অনুষ্ঠান শুরু হয়। বুধবার নির্ধারিত সময়ে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের বৈঠক শুরু না হওয়ায় বৈঠক বয়কট করলেন বিধায়ক গোপাল রায়। এদিন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল দুপুর ১ টায়। সেই মোতাবেক পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কার্যালয়ের কনফারেন্স হলে নির্ধারিত সময়ের পূর্বে পৌঁছে যান বিধায়ক গোপাল রায়। কিন্তু দেখা গেল দুপুর ১ টা ৪৫ বেজে যাওয়ার পরও বৈঠক শুরু হচ্ছে না। বরং তাঁকে জানিয়ে দেওয়া হয় বৈঠক শুরু হবে ২ টার সময়।
তখন
বৈঠক বয়কট করে চলে যান বিধায়ক গোপাল রায়। তিনি জানান ১ টা ৪৫ বেজে যাওয়ার পরও বৈঠক শুরু হয় নি। বৈঠকে অংশগ্রহণের জন্য যাওয়ার পর তাঁকে জানানো হয় বৈঠক শুরু হবে ২ টায়। তাই তিনি চলে যাচ্ছেন। কারণ তাঁর অন্য কাজ রয়েছে। অনিবার্য কারণে সময়সীমার পরিবর্তন হতে পারে, কিন্তু প্রথমে ১১ টা, তারপর ১ টা, এরপর ২ টা এভাবেই চলছে তাদের সময় পিছিয়ে নেওয়া, এগুলি কি? এভাবেই প্রশ্ন তুলেন তিনি। পরে শুরু হয় পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের জেনারেল বডির মিটিং। উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ডাঃ বিশাল কুমার সহ অন্যান্যরা। সভায় জেলা পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া বলেন প্রতি ৩ মাস পর পর পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের জেনারেল বডির মিটিং করা হয়। বিশেষ করে পর্যালোচনা মিটিং করা হয়। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প গুলি নিয়ে এই মিটিং-এ আলোচনা পর্যালোচনা করা হয়। এইদিনের পর্যালোচনা বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও দাবি করেন মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া। উল্লেখ্য, সরকারি অধিকাংশ অনুষ্ঠানে বর্তমানে এমনটাই হচ্ছে। সময়সূচি সম্পর্কে ন্যূনতম জ্ঞান না থাকা মন্ত্রীদের কারণে এ ধরনের যন্ত্রণার মুখে পড়তে হচ্ছে বিধায়ক থেকে শুরু করে অনুষ্ঠানে অংশ নেওয়া সকলের। এতে সরকারি অনুষ্ঠানে অংশ নিতে চাইছে না বহু দর্শক। নির্ধারিত সময়ের পর অনুষ্ঠান শুরু হওয়ার কারণে তিতি বিরক্তি প্রকাশ করছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান