স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৯ নভেম্বর : রাজনৈতিক মতপার্থক্য ভুলে ভবিষ্যৎ প্রজন্মের অধিকার ও স্বার্থ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন তিপ্রা মথার প্রতিষ্ঠাতা তথা প্রাক্তন সুপ্রিমো প্রদ্যোত কিশোর মানিক্য দেববর্মা। একই সঙ্গে ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ (টিটিএএডিসি)-এর জমি সংক্রান্ত বিষয়গুলি নিয়ে সকলকে সংযত থাকার আবেদন জানান তিনি।
জেলা পরিষদের জমি সংক্রান্ত বিষয়গুলি খতিয়ে দেখতে রাজ্য সরকারের কমিটি গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে প্রদ্যোত দেববর্মা বলেন, কোনওরকম অপ্রয়োজনীয় জল্পনা বা আগাম সিদ্ধান্তে না পৌঁছে কমিটিকে তার দায়িত্ব পালনের জন্য পর্যাপ্ত সুযোগ দেওয়া উচিত।
সোমবার আগরতলায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, সংশ্লিষ্ট বিষয়গুলি খতিয়ে দেখে সুপারিশ জমা দেওয়ার জন্য কমিটিকে এক মাস সময় দেওয়া হয়েছে। তাই রিপোর্ট জমা পড়ার আগে বিষয়টি নিয়ে বিস্তারিত মন্তব্য করা সমীচীন হবে না।
তিনি জানান, কমিটির সুপারিশগুলি খতিয়ে দেখার পরই তাঁর দল পরবর্তী পদক্ষেপ সম্পর্কে সিদ্ধান্ত নেবে। এই বিষয়ে যে কোনও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সাধারণ মানুষের বৃহত্তর স্বার্থকে সর্বাধিক গুরুত্ব দেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
প্রদ্যোত বলেন, "অতীতের দিকে তাকিয়ে না থেকে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। আগামী প্রজন্মের অধিকার রক্ষা এবং ত্রিপুরার মানুষের স্বার্থ সুরক্ষিত রাখাই আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত। একই সঙ্গে এটাও নিশ্চিত করতে হবে, যাতে কেউ কোনওরকম সমস্যার মধ্যে না পড়েন।"
তিপ্রা মথার এই নেতা আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য নিয়ে সবসময় ব্যস্ত থাকার প্রবণতা সমাজে অপ্রয়োজনীয় বিভাজন সৃষ্টি করতে পারে। রাজ্যের বিভিন্ন সমস্যা সমাধানের ক্ষেত্রে আরও গঠনমূলক ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি গ্রহণের আহ্বান জানান তিনি।
আসন্ন বড়দিন ও ইংরেজি নববর্ষের প্রসঙ্গ উল্লেখ করে প্রদ্যোত বলেন, এই উৎসবের সময় রাজনৈতিক বিভেদ, বিতর্ক ও মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে একটি ইতিবাচক এবং সম্প্রীতিপূর্ণ সমাজ গড়ে তোলার জন্য সকলের কাজ করা উচিত।
তিনি পুনরায় বলেন, রাজনৈতিক মতপার্থক্যকে প্রাধান্য না দিয়ে ভবিষ্যৎ
প্রজন্মের আশা-আকাঙ্ক্ষা, কল্যাণ এবং অধিকার রক্ষার বিষয়েই সকলের মনোযোগ দেওয়া প্রয়োজন।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান