Monday, September 21, 2026
বাড়ি রাজ্য দ্রব্যমূল্য বৃদ্ধি ও বেকারত্বের প্রতিবাদে আগরতলায় "আমরা বাঙালী"-র বিক্ষোভ

দ্রব্যমূল্য বৃদ্ধি ও বেকারত্বের প্রতিবাদে আগরতলায় "আমরা বাঙালী"-র বিক্ষোভ

দ্রব্যমূল্য বৃদ্ধি ও বেকারত্বের প্রতিবাদে আগরতলায় "আমরা বাঙালী"-র বিক্ষোভ

আগরতলা, ২০ সেপ্টেম্বর (হি.স.) : দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারদের কর্মসংস্থানের অভাব এবং শহর উন্নয়নের নামে দুর্নীতির অভিযোগ তুলে ত্রিপুরা সরকারের বিরুদ্ধে সরব হলো "আমরা বাঙালী"। এসব সমস্যার প্রতিবাদে রবিবার দলের রাজ্য দফতরের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে সংগঠনটি। কর্মসূচিতে নেতৃত্ব দেন "আমরা বাঙালী" দলের রাজ্য সম্পাদক গৌরাঙ্গ রুদ্রপাল। বিক্ষোভে দলের কর্মী-সমর্থকরা বিভিন্ন স্লোগান তুলে সরকারের নীতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।

বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে গৌরাঙ্গ রুদ্রপাল অভিযোগ করেন, লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা ক্রমশ কঠিন হয়ে উঠেছে। নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা কমে যাচ্ছে। তাঁর দাবি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাজ্য সরকারের কার্যকর উদ্যোগ পরিলক্ষিত হচ্ছে না।

একইসঙ্গে রাজ্যে বেকারত্বের সমস্যা নিয়েও সরকারের সমালোচনা করেন তিনি। তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরে বিভিন্ন দফতরে নিয়োগ প্রক্রিয়া কার্যত বন্ধ থাকায় বহু শিক্ষিত বেকার বয়সের ঊর্ধ্বসীমা পার করে যাচ্ছেন। অথচ ক্ষমতায় আসার আগে বছরে ৫০ হাজার চাকরি এবং মিসড কলের মাধ্যমে চাকরির মতো প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বলে দাবি করেন তিনি। তাঁর কথায়, সেই প্রতিশ্রুতিগুলি এখন বেকার যুবক-যুবতীদের কাছে কার্যত দূঃস্বপ্নে পরিণত হয়েছে।

গৌরাঙ্গ রুদ্রপালের অভিযোগ, রাজ্যের বিভিন্ন সরকারি দফতরে হাজার হাজার শূন্যপদ থাকা সত্ত্বেও সেগুলিতে নিয়োগ করা হচ্ছে না। বরং সময়ের সঙ্গে সঙ্গে বহু শূন্যপদ অবলুপ্ত হয়ে যাচ্ছে। টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরাও দীর্ঘদিন ধরে নিয়োগের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন বলে উল্লেখ করেন তিনি। তাঁর দাবি, টেট উত্তীর্ণরা প্রায় তিন বছর ধরে চাকরির প্রত্যাশায় আন্দোলন করলেও সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে না।

এদিন বহিঃরাজ্যের বাসিন্দাদের নিয়োগ নিয়েও অভিযোগ তোলেন "আমরা বাঙালী"-র রাজ্য সম্পাদক। তাঁর অভিযোগ, পিআরটিসি ব্যবস্থা তুলে দিয়ে বহিঃরাজ্যের লোকদের বিভিন্ন শূন্যপদে বসানো হচ্ছে। এর ফলে রাজ্যের বেকার যুবক-যুবতীরা আরও বঞ্চিত হচ্ছেন বলে দাবি করেন তিনি।

অন্যদিকে, আগরতলা শহরের উন্নয়নমূলক কাজ নিয়েও সরব হন গৌরাঙ্গ রুদ্রপাল। তাঁর অভিযোগ, স্মার্ট সিটির নামে ব্যাপক দুর্নীতি চলছে এবং স্মার্ট সিটি কার্যত দুর্নীতির ডিপোতে পরিণত হয়েছে। শহরের উন্নয়ন প্রকল্পগুলিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানান তিনি।

দ্রব্যমূল্য বৃদ্ধি, কর্মসংস্থানের সংকট এবং দুর্নীতির অবসান সহ বিভিন্ন দাবিতে আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন "আমরা বাঙালী"-র রাজ্য সম্পাদক। এই আন্দোলনে সাধারণ মানুষ ও বেকার যুবকদের পাশাপাশি সকল স্তরের মানুষকে সামিল হওয়ার আহ্বান জানান তিনি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha