স্যন্দন
ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৫ সেপ্টেম্বর : ভিলেজ কমিটির নির্বাচন
ঘোষণার আগে থেকেই জোট নিয়ে জল্পনা বাড়ছিল। অবশেষে মুখ্যমন্ত্রী রাজ্যে পা রাখার পর
জল্পনার অবসান হয়। শনিবার বিকেলে আগরতলা এমবিবি বিমানবন্দরে পা রেখে মুখ্যমন্ত্রী
ডাঃ মানিক সাহা জানান, ৪ সেপ্টেম্বর দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের
পৌরহিত্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তিনি নিজে, তিপরা মথার সুপ্রিমো
প্রদ্যোত কিশোর দেববর্মণ এবং বিজেপির উত্তর পূর্বাঞ্চলের ইনচার্জ সম্বিত পাত্রা উপস্থিত
ছিলেন। দীর্ঘ ৯০ মিনিট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সঙ্গে রাজ্যের জনজাতিদের উন্নয়ন
নিয়ে আলোচনা হয়।
আসন্ন ভিলেজ কমিটির নির্বাচনে বিজেপি, তিপরা মথা
এবং আইপিএফটি একজোট হয়ে লড়াই করবে। আগামী রবিবার চূড়ান্ত রূপরেখা তৈরি করা হবে আসন্ন
নির্বাচনের লড়াই নিয়ে। জনজাতিদের উন্নয়নের জন্য সমস্ত একর গুলি ভিলেজ কমিটির নির্বাচন
সমাপ্ত হওয়ার পর ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। ভিলেজ কমিটি নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার
পর মনোনয়ন পত্র দাখিল চলছে সারা রাজ্যে। শনিবার মনোনয়নপত্র দাখিলের পঞ্চম দিনও শান্তিপূর্ণ।
এদিন রূপাইছড়ি ব্লকে মনোনয়নপত্র জমা দেন তিপ্রা মথা দলের প্রার্থীরা। রূপাইছড়ি ব্লকের
বিডিও প্রীতম দেবনাথের কাছে মনুবনকুল এলাকার পাঁচটি ভিলেজ কাউন্সিলের তিপ্রা মথা মনোনীত
প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় দলীয় কর্মী-সমর্থকদের
উপস্থিতিতে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনে মনুবনকুল
এলাকার পাঁচটি ভিলেজ কাউন্সিলে তিপ্রামোথা দল জোরদারভাবে নির্বাচনী ময়দানে নামছে বলে
জানান দলীয় নেতৃত্ব। এদিন মনোনয়নপত্র জমা দেওয়ার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে
বিষয়টি নিয়ে বিস্তারিত জানান তিপ্রা মথার নেতা মনিন্দ্র ত্রিপুরা। তিনি জানান, আসন্ন
নির্বাচনে দলের প্রার্থীরা মানুষের সমর্থন নিয়ে জয়লাভের লক্ষ্যে কাজ করবেন।অপরদিকে
মিছিল করে লেফুঙ্গা ব্লকের ৫ টি ভিলেজ কমিটির তিপ্রা মথা দল মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র
দাখিল করেন। মোট ৩৮ জন তিপ্রা মথা দল মনোনীত প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। উপস্থিত
ছিলেন এডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য রুনিয়েল দেববর্মা, তিপ্রা মথা দলের লেফুঙ্গা
ব্লক সভাপতি দীপক দেববর্মা,যুব নেতা প্রশান্ত দেববর্মা সহ অন্যান্যরা। সংবাদ মাধ্যমের
মুখোমুখি হয়ে এডিসি-র মুখ্য কার্যনির্বাহী সদস্য রুনিয়েল দেববর্মা ভিসি নির্বাচন
নিয়ে বলেন এডিসির ভিসি নির্বাচনে তিপ্রা মথা দলের একচ্ছত্র জয় নিশ্চিত।
পাশাপাশি
জোট নিয়ে বলেন দলীয় নির্দেশ না পাওয়া পর্যন্ত এই বিষয়ে কিছুই বলা যাবে না, যদি
জোট হয় তাহলে জোট ধর্ম পালন করবেন। পাঁচ হাজার কর্মী সমর্থক নিয়ে এদিন চড়িলাম আর
ডি ব্লকের দশটি ভিলেজ কমিটির ৮৪ জন তিপ্রা মথার প্রার্থী মনোনয়ন জমা দেন। চড়িলামের
বিধায়ক সুবোধ দেববর্মা এবং এম ডিসি বুদ্ধকুমার দেববর্মা এবং সোহেল মিয়ার নেতৃত্বে
মনোনয়ন পত্র দাখিল করা হয়। উল্লেখ্য আগামী ২৮ সেপ্টেম্বর ভিলেজ কমিটির নির্বাচন।
ফলাফল আগামী পাঁচ অক্টোবর।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান