Wednesday, August 5, 2026
বাড়ি রাজ্য দ্রুত নথি যাচাই ও মেধাতালিকা প্রকাশের দাবিতে টিআরবিটি-তে ডেপুটেশন এসটিজিটি উত্তীর্ণদের

দ্রুত নথি যাচাই ও মেধাতালিকা প্রকাশের দাবিতে টিআরবিটি-তে ডেপুটেশন এসটিজিটি উত্তীর্ণদের

দ্রুত নথি যাচাই ও মেধাতালিকা প্রকাশের দাবিতে টিআরবিটি-তে ডেপুটেশন এসটিজিটি উত্তীর্ণদের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৫ আগস্ট: এসটিজিটি (সিলেকশন টেস্ট ফর গ্র্যাজুয়েট টিচার্স) পরীক্ষার ফল প্রকাশের চার মাস পেরিয়ে গেলেও এখনও নথি যাচাই প্রক্রিয়া শুরু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সফল প্রার্থীরা। বুধবার তাঁরা ত্রিপুরা টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড (টিআরবিটি)-এর চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দিয়ে দ্রুত নথি যাচাই এবং মেধাতালিকা প্রকাশের দাবি জানান।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রার্থীদের প্রতিনিধিরা জানান, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও নিয়োগ প্রক্রিয়া দীর্ঘদিন ধরে আটকে রয়েছে। তাঁদের দাবি, পোস্ট গ্র্যাজুয়েট টিচার (পিজিটি) নিয়োগ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং নির্বাচিত প্রার্থীরা বিদ্যালয়ে যোগদানও করেছেন। এছাড়া সাম্প্রতিক বছরগুলিতে টেট পরীক্ষাও দুইবার অনুষ্ঠিত হয়েছে। কিন্তু এসটিজিটি নিয়োগ প্রক্রিয়া এখনও অসম্পূর্ণ রয়ে গেছে।

প্রার্থীদের বক্তব্য, বহু বছর ধরে গ্র্যাজুয়েট শিক্ষক নিয়োগ বন্ধ ছিল। পরে পরীক্ষা অনুষ্ঠিত হয়ে ফল প্রকাশ হলেও নথি যাচাই, স্ক্রুটিনি কিংবা চূড়ান্ত মেধাতালিকা প্রকাশের ক্ষেত্রে কোনও অগ্রগতি হয়নি।

তাঁরা অভিযোগ করেন, টিআরবিটি দপ্তরে বারবার যোগাযোগ করলেও কর্তৃপক্ষ কোনও নির্দিষ্ট সময়সীমা জানাতে পারেনি। প্রতিবারই শুধু অপেক্ষা করতে বলা হচ্ছে, ফলে অনিশ্চয়তা আরও বাড়ছে।

বর্তমান এসটিজিটি নিয়োগে কোনও আইনি জটিলতা নেই বলেও দাবি করেন প্রার্থীরা। তাই দ্রুত নথি যাচাই সম্পন্ন করে মেধাতালিকা প্রকাশ এবং শূন্য শিক্ষক পদে নিয়োগ প্রক্রিয়া শেষ করার দাবি জানান তাঁরা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha