Wednesday, August 5, 2026
বাড়ি রাজ্য ৯ দফা দাবিতে ‘মহাকরণ অভিযান’, পরিবহণমন্ত্রীর কাছে স্মারকলিপি ক্ষুদ্র পণ্যবাহী গাড়ি চালকদের

৯ দফা দাবিতে ‘মহাকরণ অভিযান’, পরিবহণমন্ত্রীর কাছে স্মারকলিপি ক্ষুদ্র পণ্যবাহী গাড়ি চালকদের

৯ দফা দাবিতে ‘মহাকরণ অভিযান’, পরিবহণমন্ত্রীর কাছে স্মারকলিপি ক্ষুদ্র পণ্যবাহী গাড়ি চালকদের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৫ আগস্ট:ত্রিপুরা স্মল গুডস ভেহিকল ড্রাইভার্স সংঘ, ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)-এর উদ্যোগে বুধবার ‘মহাকরণ অভিযান’ কর্মসূচির আয়োজন করে। সংগঠনের দাবি, প্রায় ২ হাজার চালক এই কর্মসূচিতে অংশ নেন। পরে তাঁরা পরিবহণমন্ত্রী সুশান্ত চৌধুরীর কাছে ৯ দফা দাবিসংবলিত স্মারকলিপি জমা দেন।

বিএমএস ত্রিপুরা প্রদেশের সহকারী অফিস সম্পাদক চন্দন সূত্রধর জানান, তাঁদের প্রধান দাবি রাজ্যে দ্রুত নতুন শ্রম আইন (নিউ লেবার কোড) কার্যকর করা। পাশাপাশি পরিবহণ শ্রমিকদের স্বার্থে একটি শ্রমিক কল্যাণ বোর্ড গঠন, চালকদের জন্য আয়ুষ্মান ভারত কার্ড ও স্বাস্থ্যবিমার সুবিধা, ৬০ বছরের ঊর্ধ্বে চালকদের জন্য পেনশন চালু এবং ট্রাফিক পুলিশ ও বিভিন্ন চেকপোস্টে হয়রানি বন্ধের দাবি জানানো হয়।

তিনি আরও অভিযোগ করেন, যাত্রীবাহী টমটম ও অটোরিকশায় অবৈধভাবে পণ্য পরিবহণের ফলে লাইসেন্সধারী পণ্যবাহী গাড়ির চালকদের জীবিকা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

সংগঠনের সভাপতি গৌতম দেবনাথ অভিযোগ করেন, ফিটনেস সংক্রান্ত জরিমানা এবং অতিরিক্ত বোঝা বহনের অভিযোগে চালকদের ওপর অস্বাভাবিক অঙ্কের জরিমানা চাপানো হচ্ছে। অল্প পরিমাণ পণ্য বহন করলেও অনেক সময় বড় অঙ্কের জরিমানা গুনতে হচ্ছে বলে দাবি করেন তিনি। বকেয়া ফিটনেস জরিমানা মকুব এবং অপ্রয়োজনীয় হয়রানি বন্ধের দাবিও তোলেন।

প্রতিনিধিদল আশা প্রকাশ করে, পরিবহণমন্ত্রী তাঁদের দীর্ঘদিনের দাবিগুলি গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।

 

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha