Sunday, September 27, 2026
বাড়ি রাজ্য পুলিশকে চ্যালেঞ্জ ছুঁড়ে ধর্মনগর এবং উদয়পুরে দুঃসাহসিক চুরি

পুলিশকে চ্যালেঞ্জ ছুঁড়ে ধর্মনগর এবং উদয়পুরে দুঃসাহসিক চুরি

পুলিশকে চ্যালেঞ্জ ছুঁড়ে ধর্মনগর এবং উদয়পুরে দুঃসাহসিক চুরি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৪ আগস্ট: গোমতী জেলা পুলিশ সুপার কার্যালয় থেকে ১০০ মিটার দূরত্বে এক শিক্ষকের বাড়িতে হানা দিল চোর। ঘটনা উদয়পুর মহাদেব দিঘীর পূর্ব পাড় এলাকায়। তিনি পেশায় শিক্ষক বিপ্লব সাহা। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, সোমবার বিকেলে বিপ্লব সাহা তাঁর পরিবারকে নিয়ে অমরপুর স্থিত তাঁদের পুরোনো বাড়িতে বেড়াতে যান। এই সুযোগে রাতের অন্ধকারে বাড়িটি ফাঁকা পেয়ে চোরের দল হানা দেয়।

চোরেরা বাড়ির মূল দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর বসত ঘরে ঢুকে তাণ্ডব চালায়। ঘরের দুটি গোদ্রেজ সহ একাধিক আলমারি ভেঙে তছনছ করে ফেলে তারা। চুরির সময় নগদ প্রায় ৫০ হাজার টাকা এবং আনুমানিক ৪ থেকে ৫ ভরি স্বর্ণালংকার নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। মঙ্গলবার সকালে বিপ্লব সাহার ভাই পার্থপ্রতিম সাহা বাড়িতে এসে এই ভয়াবহ দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে পড়েন। তিনি দ্রুত অমরপুরে থাকা বিপ্লব সাহাকে বিষয়টি জানান। খবর পেয়ে বিপ্লব সাহা তড়িঘড়ি করে নিজ বাড়িতে ফিরে আসেন এবং রাধাকিশোরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরপরই রাধাকিশোরপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিশেষ করে পার্থপ্রতিম সাহা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে মাত্র প্রায় ১০০ মিটার দূরত্বে এমন দুঃসাহসিক চুরি কীভাবে সম্ভব?

এদিকে ধর্মনগর শহর বিগত এক বছর যাবত চোরদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। সোমবার রাতে ধর্মনগর শহরের শিববাড়ি এলাকায় শিব মন্দিরে আবারো চুরির ঘটনা সামনে এসেছে। বিগত ছয় মাসের মধ্যে পরপর ছয়বার এই শিব মন্দিরে চুরির ঘটনা সংঘটিত হয়েছে। এবার প্রায় আনুমানিক ১ লক্ষ ২০ হাজার টাকার মত তামা, কাঁসা ও পিতলের জিনিস নিয়ে চম্পট দেয় চোরের দল।

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha