স্যন্দন
ডিজিটাল
ডেস্ক,
আগরতলা।
২ আগস্ট :দীর্ঘদিনের দাবি এবার আরও জোরালো
আন্দোলনের পথে। কমলপুরকে কেন্দ্র করে নতুন জেলা গঠনের দাবিতে দ্বিতীয়বারের মতো সাংবাদিক
সম্মেলন করল কমলপুর ধলাই বিভক্তি আন্দোলন কমিটি। এদিন কমিটির পক্ষ থেকে নেতৃত্ব তপন
যাদব, অর্জুন দেব, প্রণব ভট্টাচার্য জানান, ৩০ দিনের একটি কর্মপরিকল্পনা ঘোষণা করা
হয়। কমিটির পক্ষ থেকে জানানো হয়, ধলাই জেলা বিভক্ত করে কমলপুর, দুর্গাচৌমুহনি, সালেমা
এবং লংতরাই ভ্যালির একটি অংশকে নিয়ে নতুন জেলা গঠন এখন সময়ের দাবি।
এই দাবিকে বাস্তবায়নের
লক্ষ্যে ধলাই জেলার দুই বিধায়ক মনোজ কান্তি দেব ও স্বপ্না দাস পাল-এর কাছে বিস্তারিত
তথ্য ও পরিসংখ্যান সমৃদ্ধ স্মারকলিপি তুলে দেওয়া হবে।স্মারক লিপিতে নতুন জেলা গঠনের
প্রয়োজনীয়তা এবং এর ফলে সাধারণ মানুষের কী কী সুবিধা হবে, তা বিস্তারিতভাবে তুলে ধরা
হবে। বিশেষ করে প্রশাসনিক পরিষেবা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ ব্যবস্থা
এবং সার্বিক উন্নয়নের ক্ষেত্রে নতুন জেলার গুরুত্ব
তথ্য ও পরিসংখ্যানের মাধ্যমে উপস্থাপন করবে আন্দোলন কমিটি। কমিটির সদস্যদের বক্তব্য,
দীর্ঘদিন ধরে কমলপুর ও পার্শ্ববর্তী এলাকার মানুষ উন্নত প্রশাসনিক পরিষেবা এবং দ্রুত
উন্নয়নের প্রত্যাশা করে আসছেন। জেলা সদর থেকে দূরত্বের কারণে বহু সাধারণ মানুষকে বিভিন্ন
প্রশাসনিক কাজে ভোগান্তির শিকার হতে হয়। নতুন জেলা গঠিত হলে প্রশাসনিক পরিষেবা মানুষের
দোরগোড়ায় পৌঁছানোর পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন
দিগন্ত খুলবে। আন্দোলন কমিটির পক্ষ থেকে আরও জানানো হয়, এই দাবি কোনও ব্যক্তি বা গোষ্ঠীর
স্বার্থে নয়—এটি কমলপুর, দুর্গাচৌমুহনি, সালেমা ও
লংতরাই ভ্যালি এলাকার মানুষের উন্নয়ন, অধিকার এবং ভবিষ্যতের দাবি। তাই আগামী ৩০ দিনের
কর্মসূচির মাধ্যমে জনমত গড়ে তুলে আন্দোলনকে আরও শক্তিশালী ও ব্যাপক করার পরিকল্পনা
নেওয়া হয়েছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান