বাড়িরাজ্যরথযাত্রায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা ও সর্বোচ্চ নিরাপত্তায় তৎপর ত্রিপুরা বিদ্যুৎ নিগম

রথযাত্রায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা ও সর্বোচ্চ নিরাপত্তায় তৎপর ত্রিপুরা বিদ্যুৎ নিগম

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৪ জুলাই : আগামী ১৬ জুলাই রথযাত্রা এবং ২২ জুলাই উল্টো রথযাত্রা উপলক্ষে রাজ্যজুড়ে নিরাপদ, নির্বিঘ্ন ও আনন্দমুখর উৎসব নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড। বিদ্যুৎজনিত যে কোনও দুর্ঘটনা প্রতিরোধ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত পরিষেবা নিশ্চিত করার লক্ষ্যে নিগমের ব্যবস্থাপক অধিকর্তা বিশ্বজিৎ বসুর নির্দেশে একটি বিস্তারিত অ্যাডভাইজারি জারি করা হয়েছে।

নিগমের এই উদ্যোগের মূল লক্ষ্য, রথযাত্রার সময় রাজ্যের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত শোভাযাত্রা ও ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেওয়া হাজার হাজার ভক্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং কোথাও যেন বিদ্যুৎ সংক্রান্ত কোনও অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। সেই উদ্দেশ্যেই রাজ্যের সমস্ত বৈদ্যুতিক সার্কেল, ডিভিশন ও সাব-ডিভিশনের আধিকারিকদের জন্য একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করা হয়েছে। ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের ব্যবস্থাপক অধিকর্তা বিশ্বজিৎ বসুর নির্দেশ অনুযায়ী, রথযাত্রার রুটে থাকা সমস্ত এইচটি ও এলটি ওভারহেড লাইন, বৈদ্যুতিক খুঁটি, ট্রান্সফরমার, স্টে-ওয়্যারসহ বিদ্যুৎ পরিকাঠামোর আগাম পরিদর্শন সম্পন্ন করতে বলা হয়েছে। কোথাও কোনও ত্রুটি বা সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত হলে তা অবিলম্বে মেরামত বা সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে।

অ্যাডভাইজারিতে আরও বলা হয়েছে, রথ এবং ওভারহেড বিদ্যুৎ লাইনের মধ্যে পর্যাপ্ত নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। প্রয়োজনে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে, যাতে উৎসব চলাকালীন কোনও ধরনের ঝুঁকির সৃষ্টি না হয়।

নিগমের পক্ষ থেকে প্রতিটি গুরুত্বপূর্ণ এলাকায় পর্যাপ্ত সংখ্যক প্রকৌশলী, লাইনম্যান ও প্রযুক্তিগত কর্মী মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ব্রেকডাউন টিম, জরুরি পরিষেবার গাড়ি, প্রয়োজনীয় যন্ত্রপাতি, নিরাপত্তা সামগ্রী এবং অন্যান্য জরুরি উপকরণ সার্বক্ষণিক প্রস্তুত রাখার নির্দেশ রয়েছে। বিদ্যুৎ বিভ্রাট বা অন্য কোনও অস্বাভাবিক পরিস্থিতি দেখা দিলে দ্রুত পরিষেবা পুনরুদ্ধারের জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের সর্বদা প্রস্তুত থাকার নির্দেশও দেওয়া হয়েছে।

জেলা প্রশাসন, পুলিশ, দমকল, দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং বিভিন্ন রথযাত্রা আয়োজক কমিটির সঙ্গে নিবিড় সমন্বয় বজায় রাখার বিষয়েও বিশেষ গুরুত্ব আরোপ করেছেন নিগমের ব্যবস্থাপক অধিকর্তা বিশ্বজিৎ বসু। যে কোনও বিদ্যুৎজনিত ঘটনা বা জরুরি পরিস্থিতির খবর দ্রুত কর্পোরেট অফিসে জানিয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশও অ্যাডভাইজারিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

এদিকে, সাধারণ মানুষের প্রতিও বিদ্যুৎ নিগমের আবেদন, রথযাত্রার সময় বিদ্যুতের ওভারহেড লাইনের নিচে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। রথ বা শোভাযাত্রায় ধাতব দণ্ড, লোহার পাইপ কিংবা বিদ্যুৎ পরিবাহী কোনও বস্তু ব্যবহার না করার পরামর্শ দিয়েছে নিগম। কোথাও বিদ্যুতের তার নিচু অবস্থায় থাকলে বা কোনও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি চোখে পড়লে সঙ্গে সঙ্গে নিকটবর্তী বিদ্যুৎ দপ্তর বা প্রশাসনকে জানাতে অনুরোধ করা হয়েছে।

নিগমের মতে, বিদ্যুৎ নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতাও সমান গুরুত্বপূর্ণ। বিদ্যুৎ নিগমের এই আগাম প্রস্তুতি ও সমন্বিত উদ্যোগ রথযাত্রা এবং উল্টো রথযাত্রাকে আরও নিরাপদ, সুশৃঙ্খল ও নির্বিঘ্ন করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য