স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১০ জুলাই : পুলিশের ন্যায় এসপিও দের সকল সুযোগ সুবিধা প্রদান সহ মোট ১০ দফা দাবিকে সামনে রেখে রাজ্য পুলিশের ডি.আই.জি হেডকোয়ার্টারের নিকট ডেপুটেশন প্রদান করল এস.পি.ও জওয়ানদের পরিবারের সদস্যরা। শুক্রবার এস.পি.ও জওয়ানদের পরিবারের সদস্যরা মুলত রাজ্য পুলিশের মহানির্দেশকের নিকট ডেপুটেশন প্রদান করতে রাজ্য পুলিশের সদর দপ্তরের সামনে সমবেত হয়। কিন্তু রাজ্য পুলিশের মহানির্দেশকের অনুপস্থিতিতে এইদিন তারা ডি.আই.জি হেডকোয়ার্টারের নিকট ডেপুটেশন প্রদান করে। ডেপুটেশন প্রদানের পর এস.পি.ও জওয়ানদের পরিবারের সদস্যরা তাদের ১০ দফা দাবির বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরে।
এর মধ্যে রয়েছে দীর্ঘদিন ধরে স্বল্প ভাতা, সীমিত সুযোগ-সুবিধা এবং অনিশ্চিত কর্মজীবন। তারা আরো জানান দূরদূরান্ত থেকে এদিন রাজ্য পুলিশের মহা নির্দেশকের সঙ্গে দেখা করতে এসেছিলেন। কিন্তু তিনি দেখা করার সুযোগ দেননি। আগামী দিন দাবি-দাওয়া পূরণ না হলে সড়ক অবরোধ করতে বাধ্য হবে বলে সাফ জানিয়ে দিলেন তারা। তারা আরো বলেন, ডিজিপি সাহেব যদি এতই ব্যস্ত হতেন তাহলে তিনি জানিয়ে দিতেন আগামীকাল উনার সঙ্গে সাক্ষাৎ করতে আসার জন্য। কিন্তু তিনি যেটা করেছেন সেটা অত্যন্ত অপ্রত্যাশিত বলে দাবি করেন এসপিও জওয়ানদের পরিবারের লোকজন।

