স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৭ জুলাই : পশু সম্পদ রোগ প্রতিরোধ, নজরদারি ও নিয়ন্ত্রণে আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনী উদ্যোগকে সামনে রেখে মঙ্গলবার আগরতলার প্রজ্ঞা ভবনে রাজ্যস্তরের এক কর্মশালা অনুষ্ঠিত হয়। “পশু সম্পদ স্বাস্থ্য সুরক্ষা: রোগ প্রতিরোধ, নজরদারি ও নিয়ন্ত্রণে উদ্ভাবনী উদ্যোগ” শীর্ষক এই কর্মশালার উদ্বোধন করেন এ.আর.ডি.ডি -র সচিব দীপা ডি. নায়ার, তাছাড়া উপস্থিত ছিলেন এ.আর.ডি.ডি-র অধিকর্তা ড. এন. কে. চঞ্চল সহ অন্যান্য বিশেষজ্ঞরা। কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে এ.আর.ডি.ডি সচিব দীপা ডি. নায়ার বলেন, গত পাঁচ বছরে রাজ্যে পশুপালনের ব্যাপক প্রসার ঘটেছে।
সেই প্রেক্ষাপটে প্রাণীদের নতুন নতুন রোগ সম্পর্কে পশুচিকিৎসক ও সংশ্লিষ্টদের সচেতন ও প্রশিক্ষিত করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, পশু থেকে মানুষের মধ্যে সংক্রমিত হতে পারে এমন রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, আসাম সহ বিভিন্ন রাজ্য থেকে আগত বিশেষজ্ঞরা কর্মশালায় অংশ নিয়ে পশুর রোগ প্রতিরোধ, নজরদারি ও চিকিৎসা ব্যবস্থার আধুনিক পদ্ধতি সম্পর্কে রাজ্যের পশুচিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করবেন।কর্মশালায় পশুসম্পদ খাতের বিশেষজ্ঞ, আধিকারিক, পশুচিকিৎসক এবং সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনায় পশুসম্পদের রোগ প্রতিরোধে আধুনিক প্রযুক্তির ব্যবহার, কার্যকর নজরদারি ব্যবস্থা গড়ে তোলা এবং সমন্বিতভাবে রোগ নিয়ন্ত্রণের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি, পশুসম্পদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে উৎপাদনশীলতা বৃদ্ধি এবং জনস্বাস্থ্য রক্ষার বিভিন্ন দিক নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

