বাড়িরাজ্যবন্য হাতির তান্ডবে বিপর্যস্ত জনজীবন

বন্য হাতির তান্ডবে বিপর্যস্ত জনজীবন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৬ জুলাই : জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার বিধানসভার কেন্দ্রে বন্য হাতির তান্ডবে বিপর্যস্ত জনজীবন। এই ছবি তেলিয়ামুড়া মহকুমা কৃষ্ণপুরের। আতঙ্কে দিন কাটাচ্ছে প্রায় ৭০ পরিবার।অভিযোগ, প্রায় প্রতিদিন দিনের আলো ফুরোতেই শুরু হয় বন্য দাতাল হাতির তাণ্ডবের আশঙ্কা। এলাকায় বসবাস করে প্রায় ৭০ পরিবারের। দীর্ঘ বছর ধরে এই সমস্যার স্থায়ী কোনো সমাধান মিলছে না। এই বন্য হাতির তাণ্ডবে ইতিমধ্যেই বহু বসতবাড়ি ভেঙে চুরমার হয়েছে, নষ্ট হয়েছে বিস্তীর্ণ কৃষিজমি।

 এমনকি গত কয়েক বছরে একাধিক নিরীহ মানুষ প্রাণ হারিয়েছে। তবুও সমস্যার স্থায়ী সমাধানে বনদপ্তরের কার্যকর উদ্যোগ না থাকায় ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। কৃষ্ণপুর ও আশপাশের অধিকাংশ পরিবারই কৃষির ওপর নির্ভরশীল। কিন্তু মাঠে ফসল ফলানোর আগেই বন্য হাতির দল হানা দিয়ে মুহূর্তের মধ্যে গুঁড়িয়ে দিচ্ছে। ফলে আর্থিকভাবে সর্বস্বান্ত হয়ে পড়ছেন অনেক কৃষক। অনেকেই বাধ্য হয়ে চাষাবাদই ছেড়ে দেওয়ার কথা ভাবছেন। এলাকাবাসীর প্রশ্ন—আর কতদিন এভাবে আতঙ্কে দিন কাটাতে হবে? আর কত প্রাণ গেলে নড়েচড়ে বসবে বনদপ্তর? মানুষের জীবন ও জীবিকার নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন ক্ষুব্ধ বাসিন্দারা। এখন দেখার, প্রশাসন ও বনদপ্তর কবে এই দীর্ঘদিনের যন্ত্রণার অবসান ঘটাতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারে কিনা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য