স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৮ জুন : আগরতলা শহরের আইনশৃঙ্খলা ক্রমশ ভেঙে পড়ছে। আবারো খুনের ঘটনা সামনে আসলো রবিবার। পরবর্তী সময়ে মৃতদেহ উদ্ধার হয়েছে। জানা যায়, স্মার্ট সিটির অধীনে হাওড়া নদীর তীরবর্তী এলাকায় গড়ে উঠা পার্কের মধ্যে এক ব্যক্তিকে খুন করে হাওড়া নদীর জলে দেহ ভাসিয়ে দেয় অভিযোগ উঠল শনিবার রাতে। রবিবার সকালে মৃতদেহ উদ্ধার করল প্রশাসন। মৃত ব্যক্তির নাম রমজান মিয়া। মৃতের বাড়ি মধ্য প্রতাপগড় এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, শনিবার রাত ৯ টা নাগাদ বাড়ি থেকে বের হয়েছিল। তারপর আর বাড়িতে না ফেরার রাত এগারোটা নাগাদ বাড়ির লোকজন রমজান মিয়াকে খুঁজতে বের হয়।
পার্কের মধ্যে এসে দুটি জায়গায় রক্তের দাগ দেখতে পায়। পাশাপাশি প্যান্ট এবং জুতা উদ্ধার হয়। পরে পার্কের সিকিউরিটি গার্ডের কাছ থেকে জানতে পারে একজন ব্যক্তি নদীতে ঝাঁপ দিয়েছে। সঙ্গে সঙ্গে বিষয়টি প্রশাসনকে জানানো হলে পুলিশ এবং দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে হাওড়া নদীতে এবং পার্কের মধ্যে তল্লাশি শুরু করে। রবিবার সকালে এনডিআরএফ -এর একটি টিম এসে হাওড়া নদীতে নেমে তল্লাশি শুরু করে। কিছুক্ষণের মধ্যেই উদ্ধার হয় রমজানের মৃতদেহ। দুহাত বাঁধা এবং মুখের মধ্যে রক্তের ছাপ। রমজান পেশায় রংমিস্ত্রি। এই ঘটনার সঙ্গে সিকিউরিটি গার্ড জড়িত থাকতে পারে বলে প্রাথমিক ধারণা। কারণ সিকিউরিটি গার্ড সবকিছু দেখেও ঘটনার স্থল থেকে চলে যায়। রবিবার মৃতদেহ উদ্ধার হতেই পুলিশ প্রশাসন এসে মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।
পরিবারের লোকজনদের দাবি এটা খুন। কারণ পারিবারিক কোনো কলহ ছিল না। এর মধ্যে হাত বাধা এবং রক্তাক্ত দেহ দেখে তাদের যথেষ্ট সন্দেহ রয়েছে। উল্লেখ্য, ঘটনাস্থল থেকে মাত্র কয়েকশো মিটারের মধ্যে পশ্চিম আগরতলা থানা এবং বটতলা ফাড়ি। দুপুরের পর থেকে এই উন্মুক্ত নবনির্মিত পার্ক খুনি অপরাধীদের জন্য নিরাপদ জায়গা হয়ে যায়। কারণ থানা পুলিশ সামনে থাকলেও কারোর দেখা পাওয়া যায় না। মানুষের নিরাপত্তা নেই বলা চলে। সাধারণ মানুষের মুখ থেকে শোনা যায়, এই পার্ক ঘিরে বাড়ছে অপরাধমূলক কার্যকলাপ। প্রশাসন দায়িত্ব নিয়ে নিরাপত্তার ব্যবস্থা করছে না। এদিকে গত এক মাসে শান্তিনিকেতন মেডিকেল কলেজ থেকে মৃতদেহ উদ্ধার, সার্কিট হাউজ এলাকায় এক যুবকের মৃতদেহ উদ্ধার, কাঁঠালতলীতে ক্লাব সম্পাদক খুন সহ আরো একাধিক ঘটনা সংগঠিত হয়েছে। এবার হাওড়া নদী থেকে উদ্ধার হল রোমহর্ষক মৃতদেহ। পুলিশ প্রশাসনের চরম গাফিলতি সরকারের ব্যর্থতা দাবি করছে বারবার।

