স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ জুন : সাব্রুম মহকুমার কলাছড়া হাসপাতাল এলাকার বাসিন্দা নির্মল সেনের ওষুধের দোকানে মঙ্গলবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে মুহূর্তের মধ্যে দোকান ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। জানা গেছে, রাত আনুমানিক একটার নাগাদ স্থানীয়রা দোকানঘর থেকে আগুনের শিখা বের হতে দেখে নির্মল সেনকে খবর দেন।
একই সঙ্গে মনুবাজার অগ্নিনির্বাপক দপ্তরে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে মনুবাজার ও জোলাইবাড়ি অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন। দমকল কর্মীদের দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ততক্ষণে দোকানের সমস্ত মালপত্র পুড়ে যায়। সর্বস্বান্ত হয়ে পড়েন দোকান মালিক নির্মল সেন। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নির্মল সেন জানান, প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ২০ লক্ষ টাকারও বেশি হতে পারে বলে ধারণা করছেন। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। ঘটনার খবর পেয়ে মনুবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

