স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ জুন : রাস্তা সংস্কারের দাবিতে সরব কলাছড়া রেল স্টেশনের যান চালকরা এবং এলাকাবাসী। অভিযোগ, কলাছড়া-থাইলিক তুইসা রেলস্টেশন সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে।রাস্তাটির বিভিন্ন অংশ ভেঙে যাওয়ায় যানবাহন চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি হচ্ছে। জানা যায়, সাব্রুম মহকুমার অন্তর্গত কলাছড়া-থাইলিক তুইসা রেলস্টেশন সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, রাস্তাটির বিভিন্ন অংশ ভেঙে যাওয়ায় যানবাহন চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি হচ্ছে। এই সড়কটি কলাছড়া রেলস্টেশন হয়ে ভূরাতলী ও কালিবাজারে যাওয়ার একমাত্র যোগাযোগ ব্যবস্থা। পাশাপাশি কলাছড়া একলব্য আবাসিক বিদ্যালয়ে যাতায়াতের ক্ষেত্রেও এই সড়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দীর্ঘদিন ধরে রাস্তার সংস্কার না হওয়ায় প্রতিদিন সমস্যার সম্মুখীন হচ্ছেন যানচালক, শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ যাত্রীরা।
এলাকার যানচালকদের অভিযোগ, কলাছড়া রেলস্টেশনের একাধিক লাইট দীর্ঘদিন ধরে বিকল হয়ে রয়েছে। এছাড়া স্টেশনে বিশুদ্ধ পানীয় জলেরও কোনো ব্যবস্থা নেই। ফলে যাত্রীদের নানা ভোগান্তি পোহাতে হচ্ছে। স্থানীয় জনগণ ও যান চালকরা দ্রুত রাস্তাটির সংস্কার, স্টেশনের বিকল লাইট মেরামত এবং পানীয় জলের ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন। তাদের মতে, দ্রুত পদক্ষেপ নেওয়া না হলে আগামী দিনে জনদুর্ভোগ আরও বাড়বে। এখন দেখার বিষয় এই অভিযোগ প্রশাসনের নজরে যাওয়ার পর কি ব্যবস্থা গ্রহণ করা হয়।

