স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৯ জুন : বারবার সংবাদ প্রকাশ হওয়ার পরেও ২০৮ নং জাতীয় সড়ক নিয়ে ডাবল ইঞ্জিন সরকার পরিচালিত দপ্তরগুলির মাথা ব্যথা নেই। কমলপুর মহকুমা এরারপার থেকে মানিকভান্ডার বাজার পর্যন্ত ২০৮ নং জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে চরম ভোগান্তি পথচারীদের। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা ২০৮ নং জাতীয় সড়কের এরারপার থেকে মানিকভান্ডার বাজার পর্যন্ত মঙ্গলবার সকাল থেকে সমস্যা বাড়ে।
রাস্তার বিভিন্ন স্থানে জমে থাকা কাদামাটি ও বড় বড় গর্তের কারণে দুটি মালবাহী গাড়ি কাদার মধ্যে আটকে যায়। এর ফলে সকাল থেকেই কমলপুর-আমবাসা মূল সড়কে যান চলাচল কার্যত স্তব্ধ হয়ে পড়ে। রাস্তার দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন যাত্রীরা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার অবস্থা অত্যন্ত শোচনীয় হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনও কার্যকর উদ্যোগ গ্রহণ করেনি। বারবার অভিযোগ জানানোর পরও রাস্তা সংস্কারের কাজ শুরু না হওয়ায় ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর মধ্যে।
এদিকে, আটকে পড়া গাড়ি উদ্ধারের চেষ্টা চালানো হলেও সংবাদ লেখা পর্যন্ত যান চলাচল স্বাভাবিক হয়নি। পরিস্থিতি নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা এবং দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন। উল্লেখ্য, খবর লেখা পর্যন্ত প্রশাসনিক কোনো কর্মীকে ঘটনাস্থলে আসতে দেখা যায়নি। অথচ সরকারি কার্যালয় খোলা। অনেকের মতে হয়তো প্রশাসন এসে কোন কিছু আশ্বস্ত করতে পারবে না বলে পরিদর্শনে আসেননি।

