স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৬ জুন :কমলপুর শহর সংলগ্ন ফুলছড়ি এলাকার রামঠাকুর আশ্রমের নিকটে বসবাসকারী বৃদ্ধ চিত্তরঞ্জন দাসের বাড়িতে সংঘটিত হয়েছে এক দুঃসাহসিক চুরির ঘটনা। চোরের দল বাড়ির তালা ভেঙে নগদ ৪ লক্ষ ৬০ হাজার টাকা এবং প্রায় আড়াই ভরি স্বর্ণালংকার নিয়ে চম্পট দিয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
জানা গেছে, চিত্তরঞ্জন দাসের দুই ছেলে কর্মসূত্রে দীর্ঘদিন ধরেই বাড়ির বাইরে থাকেন। প্রায় এক সপ্তাহ আগে তিনিও মেয়ের বাড়িতে বেড়াতে যান। ফলে পুরো বাড়িটি ফাঁকা অবস্থায় ছিল। এই সুযোগকেই কাজে লাগিয়েছে চোরের দল বলে ধারণা করা হচ্ছে। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পান যে তার বাড়ির দরজা খোলা অবস্থায় রয়েছে। খবর পেয়েই বৃদ্ধ চিত্তরঞ্জন দাস তড়িঘড়ি করে রাতে নিজ বাড়িতে ফিরে আসেন। বাড়িতে এসে তিনি দেখতে পান ঘরের দরজা খোলা এবং ভেতরের পরিস্থিতি অস্বাভাবিক। সঙ্গে সঙ্গেই বিষয়টি কমলপুর থানায় জানানো হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। ঘরে প্রবেশ করে পুলিশ দেখতে পায় লকারের তালা ভাঙা। চিত্তরঞ্জন দাস জানান, একটি লকারে নগদ ৪ লক্ষ ৬০ হাজার টাকা রাখা ছিল। পাশাপাশি অন্য একটি লকারে সংরক্ষিত ছিল প্রায় আড়াই ভরি স্বর্ণালংকার। চোরের দল দুটি লকার ভেঙে নগদ অর্থ ও স্বর্ণালংকার সহ সব মূল্যবান সামগ্রী নিয়ে যায়। পরিবার সূত্রে জানা যায়, চিত্তরঞ্জন দাসের এক ছেলে সম্প্রতি একটি বিশেষ কাজের জন্য ব্যাংক থেকে ৫ লক্ষ টাকা তুলেছিলেন। সেই টাকা থেকে ৪০ হাজার টাকা সঙ্গে নিয়ে বাইরে কাজে গেলেও বাকি ৪ লক্ষ ৬০ হাজার টাকা বাড়ির লকারেই রাখা ছিল। ঘটনার পর সর্বস্ব হারিয়ে ভেঙে পড়েছেন বৃদ্ধ চিত্তরঞ্জন দাস ও তাঁর পরিবার। স্থানীয়দের অভিযোগ, ফুলছড়ি বাজার সংলগ্ন রামঠাকুর আশ্রম এলাকায় এর আগেও একাধিকবার চুরির ঘটনা ঘটেছে। কিন্তু বারবার এমন ঘটনা ঘটলেও চুরি বন্ধ করতে ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে এলাকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে।

