স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৬ জুন :এলাকার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কলাছড়া হাসপাতাল সংলগ্ন দীর্ঘদিন ধরে বন্ধ থাকা পুলিশ আউটপোস্ট পুনরায় চালুর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর অভিযোগ, কলাছড়া এলাকায় বর্তমানে জাতি ও জনজাতি উভয় সম্প্রদায়ের মানুষ বসবাস করলেও পর্যাপ্ত পুলিশি নজরদারির অভাবে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাদের মতে, এলাকায় যে কোনও ছোটখাটো ঘটনা মুহূর্তের মধ্যে বড় আকার ধারণ করতে পারে।
যার ফলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা থাকে। বর্তমানে এই পুলিশ পোস্টে ৩-৪ জন নিরাপত্তা কর্মী জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকা ঘরের মধ্যে থাকতে হচ্ছে। স্থানীয়দের দাবি, অতীতে ঘটে যাওয়া কয়েকটি ঘটনা এই আশঙ্কাকে আরও স্পষ্ট করে তুলেছে। ২০১৮ সালের ৩ জুলাই গুজবে কান না দেওয়ার জন্য সচেতনতামূলক মাইকিং করতে এসে উত্তেজিত জনতার হামলায় প্রাণ হারান সাব্রুমের বিশিষ্ট তবলা শিল্পী সুকান্ত চক্রবর্তী।
এছাড়া সম্প্রতি একটি সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত জনতা একটি স্করপিও গাড়িতে আগুন ধরিয়ে দেয়, যা এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে। এলাকাবাসীর মতে, কলাছড়া এলাকায় পুনরায় পুলিশ আউট পোস্ট চালু করা হলে অপরাধ নিয়ন্ত্রণ, দ্রুত পুলিশি হস্তক্ষেপ এবং জননিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে। পাশাপাশি এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নের ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই জনস্বার্থে এবং এলাকার সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে কলাছড়া হাসপাতাল সংলগ্ন পুলিশ আউটপোস্টটি দ্রুত পুনরায় চালু করার জন্য প্রশাসনের কাছে জোরালো দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

