স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩ জুন :উদয়পুর মহকুমায় পরপর মোটরবাইক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালেও পুলিশের তৎপরতায় চুরি যাওয়া দুইটি বাইক উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এই ঘটনায় জড়িত অভিযুক্তদের এখনো গ্রেফতার করা যায়নি বলে পুলিশ সূত্রে জানা গেছে। পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ এপ্রিল উদয়পুর পুলিশ লাইন এলাকা থেকে একটি TR 01 AZ 7509 বাইক চুরি হয়। ২২ এপ্রিল উদয়পুরের ১ নং ফুলকুমারী এলাকা থেকে TR 01 J 9932 নম্বরের একটি পালসার বাইক চুরি হয়।
উভয় ঘটনায় বাইকের প্রকৃত মালিকরা রাধাকিশোরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে রাধাকিশোরপুর থানার পক্ষ থেকে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়। গত ৩১ এপ্রিল কলমছড়া থানার সহযোগিতায় কেটিএম বাইকটি উদ্ধার করা সম্ভব হয়। একইদিনে নাইট পেট্রোলিং চলাকালীন ধজনগর এলাকা থেকে পালসার বাইকটিও উদ্ধার করে পুলিশ। যদিও চুরি যাওয়া উভয় বাইক উদ্ধার হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত চুরির সঙ্গে জড়িত মূল অভিযুক্তদের গ্রেফতার করা যায়নি। পুলিশ এই ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে বলে জানিয়েছে। বুধবার রাধাকিশোরপুর থানায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায় এই কথা জানান।

