স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩০ মে : ত্রিপুরা গেরিলা প্রত্যাবর্তিত দাবি কমিটি উদ্যোগে আগামী ৫ ই জুন থেকে সড়ক অবরোধ করে অনির্দিষ্টকালের জন্য আসাম-আগরতলা জাতীয় সড়ক ও রেল লাইন স্তব্ধ করে দেওয়ার ঘোষণা দিল। মূলত তাদের পাঁচ দফা দাবি নিয়ে এই অবরোধ। তারা গত ২০ শে ফেব্রুয়ারি আন্দোলনে যাওয়ার কথা ছিল, কিন্তু রাজ্য সরকারের মন্ত্রী বিকাশ দেববর্মা তাদেরকে তাদের দাবি দাওয়া পূরণ করবে বলে আশ্বাস দিয়েছিলেন। কিন্তু এখন পর্যন্ত কোন কিছুই করেন নি মন্ত্রী।
তাই পুনরায় আগামী ৫ জুন অনির্দিষ্টকালের জন্য আন্দোলনে যাচ্ছে। শনিবার আগরতলা কুমারী মধুতি রূপশ্রী আবাসনে এক সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান ত্রিপুরা গেরিলা প্রত্যাবর্তিত দাবি কমিটির যুগ্ম আহ্বায়ক ধনঞ্জয় রিয়াং। তারা জানান, বামফ্রন্ট সরকারের আমলে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করার জন্য ৪৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। ২০১৭ সাল পর্যন্ত এই স্কিম বহাল ছিল।
পরবর্তী সময় কোভিডের কারণে এই স্কিম বাতিল হয়ে যায়। তারপর তারা আর এইচ স্কিমের বাকি ২৩ কোটি টাকা পায়নি। এছাড়া রাবার প্লান্টেশনের দাবী গ্রহণ করেনি সরকার। সরকারের কাছে অন্যতম দাবি তারা স্বাভাবিক জীবনে ফিরে আসার সময় যে মূলত দাবি ছিল সেটা হল, পূর্বের সমস্ত মামলা প্রত্যাহার করার জন্য। এই দাবি গুলি কোনটাই মেনে নেয়নি সরকার। তাই গত ১৯ মে সরকারের কাছে পুনরায় দাবি জানান তারা। সরকারকে ২৯ মে পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল চিন্তাভাবনা করতে। কিন্তু এখন পর্যন্ত সরকার কোনো রকম প্রতিক্রিয়া দেয়নি। তাই আগামী ৫ জুন থেকে সড়ক অবরোধের শামিল হতে চলেছে বলে জানান তারা। একই সঙ্গে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে দাবি করেছেন এদিন। আয়োজিত সাংবাদিক সম্মেলনের এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক অমৃত রিয়াং, নিরুপমা দেববর্মা সহ অন্যান্যরা।

