স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৭ মে : গত কয়েকদিনের বৃষ্টিতে গৌরনগর আরডি ব্লকের অন্তর্গত শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ড এলাকায় যুবরাজনগর থেকে শ্রীনাথপুর মাধ্যমিক বিদ্যালয়ে যাতায়াতের প্রধান সড়কটি বর্তমানে সম্পূর্ণ জলের নিচে। ফলে চরম সমস্যায় পড়েছেন স্থানীয়রা।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই রাস্তার বেহাল অবস্থার কথা পঞ্চায়েত, পূর্ত দপ্তর, মহকুমা প্রশাসন ও জেলা প্রশাসনকে জানানো হলেও কোনও স্থায়ী সমাধান হয়নি। বর্ষা আসলেই পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে। সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন অসুস্থ রোগী নিয়ে যাতায়াতকারী পরিবার এবং নিত্য প্রয়োজনীয় কাজে বাড়ি থেকে বের হওয়া সাধারণ মানুষ।গ্রামবাসীদের দাবি, গত ২৫ বছরেও রাস্তার উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। সরকার পরিবর্তনের পরও এলাকার উন্নয়নের ক্ষেত্রে কোনও দৃশ্যমান পদক্ষেপ না হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। কারণ এই রাস্তাটির জন্য সরকার পরিবর্তন করেছে এলাকাবাসী।
তারপরও দুর্ভাগ্য বদলায় নি। এই রাস্তাটি দিয়ে জেলা হাসপাতাল এবং মহকুমা হাসপাতাল যাওয়ার জন্য নির্ভর এলাকাবাসী। এলাকাবাসী অবিলম্বে রাস্তার সংস্কার ও স্থায়ী সমাধানের দাবি জানিয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবি করেন। তবে প্রশাসনের কাছে দাবি করলেও সমস্যার সমাধান কতটা হবে সেটা নিয়ে সংশয় প্রকাশ করলেন সাধারণ মানুষ।

