স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৭ মে : সিনেমার কায়দায় সিপাহিজলা সি এম ও অফিস সংলগ্ন সখী ওয়ান স্টপ সেন্টার থেকে পালিয়ে গেল তিন নাবালিকা। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনার স্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। হোম কর্তৃপক্ষের কাছ থেকে জানা যায়, তিন বালিকা হোমের দ্বিতল থেকে তিন নাবালিকা শাড়ি পিলারের সঙ্গে বেঁধে নিচে নেমে যায়। তারপর তারা হোম থেকে পালিয়ে যায়। বুধবার সকালে বিষয়টি নজরে আসতেই খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে নাবালিকার খোঁজে তদন্ত নেমেছে।
বিভিন্ন সময় চাইল্ড লাইন ও প্রশাসনের উদ্যোগে বাল্য বিবাহ রুখে দেওয়ার পর এই নাবালিকাদের উদ্ধার করে এই সখী ওয়ান স্টপ সেন্টারে রাখা হয়েছিল। এই সখী ওয়ান স্টপ সেন্টারে দুই জন বেসরকারি নিরাপত্তারক্ষী নিরাপত্তার দায়িত্বে ছিল। এই সেন্টারের ইনচার্জ বুল্টি রানী দত্ত জানান বুধবার সকালে সেন্টার থেকে ওনাকে জানানো হয় তিন নাবালিকা পালিয়ে গেছে। তারপর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করা হয়। কিন্তু পালিয়ে যাওয়া তিন নাবালিকার কোন হদিস পাওয়া যায় নি। পরবর্তী সময় তিন নাবালিকার পরিবারের লোকজনদের খবর দেওয়া হয়। ঘটনার বিষয়ে পুলিশকেও জানানো হয়েছে। দুইজন বেসরকারি নিরাপত্তারক্ষী থাকা সত্তেও কিভাবে তিন নাবালিকা সেন্টার থেকে পালিয়ে গেল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। পুলিশ তিন নাবালিকার সম্পর্কে জানতে পারে তাদের বিয়ে দেওয়ার সময় উদ্ধার করা হয়েছিল। পরবর্তী সময় তাদের এই হোমে রাখা হয়েছিল। কিন্তু হোমে ১২ জন কর্মী থাকার পরেও কিভাবে পালিয়ে যেতে সক্ষম হলো সেটা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কিন্তু গত ১৫ থেকে কুড়ি দিনের মধ্যে একাধিক শিশু হোম থেকে পালিয়ে যাওয়ার ঘটনা সামনে এসেছে। রাজ্যে শিশু সুরক্ষা কমিশনের দায়িত্ব এবং প্রশাসনের দায়িত্ব নিয়ে চরম অস্থিরতা তৈরি হচ্ছে সাধারণ মানুষের মনে। এদিকে অনেকের মনে সংশয় তৈরি হয়েছে তিনজন নাবালিকা শাড়ি বেঁধে নিচে নামার পর সুরক্ষিত রয়েছে কিনা। নাকি তারা দুর্ঘটনাগস্ত হয়ে আহত হয়েছে সেটাই এখন তদন্ত সাপেক্ষ।

