স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৫ মে : সোমবার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার পৌরহিত্যতে রাজ্য মন্ত্রীসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সরকারি অফিসের সময়সীমা এবং শূন্য পদ পূরণ করা নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বৈঠক শেষে মহাকরণে সাংবাদিক সম্মেলন করে মন্ত্রীসভায় গৃহীত সিদ্ধান্তের বিষয়ে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। সাংবাদিক সম্মেলনে মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান পূর্ত দপ্তরের অধিন ২৬ টি এলডিসি-র পদ সৃষ্টি করে পূরণ করা হবে। তার মধ্যে ৩ টি শূন্য পদ প্রাক্তন সার্ভিস ম্যানদের জন্য সংরক্ষিত।
বাকি ২৩ টি শূন্য পদ জে.আর.বি.টি-র মাধ্যমে পূরণ করা হবে। তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিন গ্রুপ-সি ক্যাটাগরির ৫০ টি শূন্য পদ সরাসরি পূরণ করা হবে। মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান অর্থ দপ্তরের অধিন ইন্সপেক্টর স্মল সেভিংস-এর ৫ টি শূন্যপদ পূরণ করা হবে।
সাংবাদিক সম্মেলনে মন্ত্রী সুশান্ত চৌধুরী আরও জানান আগে প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার সরকারি অফিস বন্ধ থাকতো। এখন থেকে প্রতি মাসের প্রতি শনিবার সরকারি ছুটি থাকবে। অর্থাৎ রবিবারের পাশাপাশি এখন থেকে শনিবারও সরকারি অফিস বন্ধ থাকবে। তবে সোমবার থেকে শুক্রবার অফিসের সময়সীমা পরিবর্তন করা হয়েছে। এখন থেকে সোমবার থেকে শুক্রবার অফিস সময় শুরু হবে সকাল সাড়ে ৯ টা থেকে। আর অফিসের সময়সীমা শেষ হবে সন্ধ্যা ৬ টায়।মন্ত্রী সুশান্ত চৌধুরী আরো জানিয়েছেন মন্ত্রিসভার এ ধরনের সিদ্ধান্ত রাজ্যবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

