স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ মে : পেট্রোল ও নিত্য প্রয়োজনীয় সামগ্রীর লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে শনিবার আগরতলা শহরে বিক্ষোভ মিছিল সংগঠিত করল সিপিআইএম সদর বিভাগীয় কমিটি। এদিন সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি সংগঠিত হয়।
উপস্থিত ছিলেন সিপিআইএম সদর মহকুমা কমিটির সম্পাদক অমল চক্রবর্তী। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, দেশের বর্তমান সরকার বৃহস্পতিবার রাতের বেলা নোটিশ জারি করে পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি করেছে। পাঁচ রাজ্যের নির্বাচনের পর এই বুঝা চাপিয়ে দিয়েছে দেশবাসীর উপর। অথচ পাঁচ রাজ্যের নির্বাচনের আগে তারা মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিল তারা মানুষের পাশে থাকবে।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে ভূমিকা নেবে। কিন্তু যখন নির্বাচন সম্পূর্ণ হয়ে গেছে তখন মানুষের সঙ্গে তারা প্রতারণা করেছে। এই প্রতারণার বিরুদ্ধে ঘৃণা এবং ধিক্কার জানিয়ে প্রতিবাদ মিছিল সংঘটিত করে দাবি তোলা হয় যেন অবিলম্বে পেট্রোল ডিজেল এবং রান্নার গ্যাসের উপর থেকে মূল্য বৃদ্ধির প্রত্যাহার করা হয়। রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএম মনে করে বিজেপির বিরুদ্ধে লড়াই এবং দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে লড়াই অভিন্ন। বিজেপি মানে হচ্ছে প্রতারণা, বিজেপি মানেই হচ্ছে মিথ্যা এবং মানুষের সাথে দ্বিমুখী আচরণ করা। যা পাঁচ রাজ্যের নির্বাচনের পর প্রকাশ্যে এসেছে। এবং পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে চাল ডাল সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি চলছে। এমনটাই ক্ষোভ প্রকাশ করলেন অমল চক্রবর্তী।

