স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৯ নভেম্বর: প্রায় দু’বছর ধরে নিয়োগের অপেক্ষায় রয়েছেন ত্রিপুরার ২০২৪ সালের টেট-১ (ইউজিটি) পরীক্ষায় উত্তীর্ণ ৩৬৮ জন প্রার্থী। মেধা তালিকা প্রকাশে দীর্ঘসূত্রিতা নিয়ে ক্রমশ ক্ষোভ বাড়ছে তাঁদের মধ্যে। অবিলম্বে মেধা তালিকা প্রকাশ এবং নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে সোমবার থেকে ফের আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন যোগ্য প্রার্থীরা।
রবিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে নিজেদের ক্ষোভ ও বঞ্চনার কথা তুলে ধরেন তাঁরা। পাশাপাশি, দ্রুত সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেন।
সাংবাদিক সম্মেলনে প্রার্থীরা জানান, ২০২৪ সালে ত্রিপুরা টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড (টিআরবিটি) পরিচালিত টেট-১ পরীক্ষায় প্রায় ৯,৫০০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন। প্রাথমিকভাবে প্রায় ৪০০ জন পরীক্ষায় উত্তীর্ণ হন। পরবর্তী যাচাই-বাছাইয়ের পর ৩৬৮ জনকে নিয়োগের জন্য যোগ্য বলে চিহ্নিত করা হয়। অথচ এই পদে মোট ১,০৩৬টি শূন্যপদ থাকা সত্ত্বেও এখনও পর্যন্ত মেধা তালিকা প্রকাশ করেনি বোর্ড।
তাঁদের বক্তব্য, টেট-২, এসটিজিটি এবং পিজিটি পরীক্ষার ক্ষেত্রে পরবর্তী সময়ে নিয়োগ সংক্রান্ত বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। কিন্তু টেট-১ ইউজিটি পরীক্ষায় উত্তীর্ণদের নিয়োগ প্রক্রিয়া এখনও সম্পূর্ণভাবে থমকে রয়েছে।
প্রার্থীদের অভিযোগ, পরীক্ষার একটি প্রশ্নের সঠিক উত্তর নিয়ে নয়জন অনুত্তীর্ণ পরীক্ষার্থী আদালতে মামলা দায়ের করায় নিয়োগ প্রক্রিয়া আটকে রয়েছে। তাঁদের দাবি, ২০২২ সালের প্রশ্নপত্রে যে উত্তরটি সঠিক বলে বিবেচিত হয়েছিল, ২০২৪ সালের পরীক্ষায় সংশ্লিষ্ট প্রশ্নের মূল্যায়নের ক্ষেত্রে বোর্ড সেই উত্তর পরিবর্তন করে। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কয়েকজন পরীক্ষার্থী আদালতের দ্বারস্থ হন।
তবে আন্দোলনকারীদের দাবি, ওই মামলার সঙ্গে ৩৬৮ জন সফল প্রার্থীর নিয়োগের সরাসরি কোনও সম্পর্ক নেই। তাঁদের অভিযোগ, পৃথক একটি আইনি জটিলতাকে অজুহাত হিসেবে দেখিয়ে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াকে অনির্দিষ্টকালের জন্য ঝুলিয়ে রাখা হয়েছে।
প্রার্থীরা আরও জানান, দুর্গাপূজার আগে তাঁরা টিআরবিটি দপ্তরের সামনে দু’দিনের অবস্থান বিক্ষোভ করেছিলেন। সেই সময় বোর্ডের চেয়ারম্যান আশ্বাস দিয়েছিলেন, উৎসবের পর আদালতের মাধ্যমে সমস্যার সমাধানে পদক্ষেপ গ্রহণ করা হবে। কিন্তু প্রায় দু’মাস অতিক্রান্ত হলেও এখনও পর্যন্ত কোনও দৃশ্যমান অগ্রগতি হয়নি বলে অভিযোগ তাঁদের।
গত এক মাস ধরে একাধিকবার বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করার চেষ্টা করেও নিয়োগ সংক্রান্ত কোনও সন্তোষজনক উত্তর পাননি বলে অভিযোগ করেন প্রার্থীরা।
সাংবাদিক সম্মেলনে প্রার্থী পার্থ সাহা রাজ্যের বিদ্যালয়গুলিতে শিক্ষকের তীব্র সংকটের বিষয়টি তুলে ধরেন। তিনি দাবি করেন, ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ (টিটিএএডিসি) এলাকায় প্রায় ৭,০০০ শিক্ষকের পদ শূন্য রয়েছে। পাশাপাশি, রাজ্যের বিভিন্ন সরকারি বিদ্যালয়ে প্রায় ৯,০০০ শিক্ষকের পদ খালি পড়ে রয়েছে।
তিনি আরও জানান, প্রতি বছর প্রায় ৬০০ থেকে ৭০০ জন ইউজিটি শিক্ষক অবসর গ্রহণ করছেন। ফলে প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে শিক্ষকের ঘাটতি ক্রমশ বাড়ছে। এই পরিস্থিতিতে পর্যাপ্ত শূন্যপদ থাকা সত্ত্বেও যোগ্য প্রার্থীদের দীর্ঘদিন বেকার অবস্থায় বসিয়ে রাখা কোনওভাবেই যুক্তিযুক্ত নয় বলে মন্তব্য করেন তিনি।
সাংবাদিক সম্মেলনে মহিলা প্রার্থীদের পক্ষ থেকে এক প্রার্থী বক্তব্য রাখতে গিয়ে জানান, পরীক্ষার প্রস্তুতি নিতে এবং উত্তীর্ণ হতে অনেক মহিলা প্রার্থীকে ব্যক্তিগত ও সামাজিক নানা প্রতিকূলতার মোকাবিলা করতে হয়েছে। কিন্তু নিয়োগ নিয়ে দীর্ঘ অনিশ্চয়তার কারণে তাঁরা বর্তমানে মানসিক ও সামাজিকভাবে যথেষ্ট সমস্যার সম্মুখীন হচ্ছেন।
তিনি শিক্ষামন্ত্রীর কাছে বিষয়টিতে হস্তক্ষেপ করার আবেদন জানান। মহিলাদের ক্ষমতায়নের ক্ষেত্রে সরকারের অঙ্গীকার বাস্তবায়িত করতে হলে কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করাও জরুরি বলে দাবি করেন তিনি।
প্রার্থীরা স্পষ্ট জানিয়ে দেন, বারবার আশ্বাসের ভিত্তিতে আর অপেক্ষা করতে রাজি নন তাঁরা। সোমবার থেকে নতুন করে আন্দোলন শুরু করার ঘোষণা দিয়ে তাঁরা জানান, তাঁদের প্রধান দাবি হল অবিলম্বে টেট-১ ইউজিটি পরীক্ষার মেধা তালিকা প্রকাশ এবং নিয়োগ প্রক্রিয়া শুরু করা।
প্রায় দু’বছর ধরে অপেক্ষা করার পর এবার দাবি পূরণ না হওয়া পর্যন্ত দীর্ঘস্থায়ী আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান