স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১২ মে : প্রকাশ্য দিবালোকে ছাগল চুরি করতে এসে অটো চালকদের হাতে আটক চোর। ঘটনা গকুলনগর এলাকায়। জানা যায়, গকুলনগর রাস্তারমাথা অটো স্ট্যান্ড থেকে ছাগল সহ এক চোরকে হাতেনাতে আটক করা হয়। অভিযুক্ত চোর হরিশনগর চা বাগান সংলগ্ন রেল ব্রিজের সামনে থেকে একটি ছাগল চুরি করে। ছাগলটি যাতে চিৎকার না করে, সেই জন্য সেটির মুখ বেঁধে অত্যন্ত সতর্কতার সাথে গকুলনগর রাস্তারমাথা অটো স্ট্যান্ডে নিয়ে আসে।
ছাগলটির মুখ বাঁধা দেখে অটো চালকদের মনে সন্দেহের দানা বাঁধে। তারা একত্রিত হয়ে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শুরু করলে সে অসংলগ্ন কথা বলতে থাকে। এরপর চালকরা তাকে ‘উত্তম-মাধ্যম’ দিলে সে স্বীকার করে নেয় যে ছাগলটি সে রেল ব্রিজ এলাকা থেকে চুরি করে এনেছে। খবর দেওয়া হয় বিশালগড় থানায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত চোরকে এবং ছাগলটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

