স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৭ মে : যুবরাজ নগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ১ নং ওয়ার্ডের যুবরাজ নগর বাজারে বুধবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। এদিন রাতে আচমকাই বাজারের একটি দোকানে আগুনের লেলিহান শিখা দেখতে পায় এলাকাবাসী।
মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পাশের দোকানগুলোতেও। স্থানীয় সূত্রে জানা যায়, আগুনে পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় তিনটি দোকান। দোকানগুলি মুসাব্বির আলীর একটি মুদির দোকান, আকরাম হোসেনের মুদির দোকান এবং একটি হার্ডওয়ারের দোকান। দোকানগুলিতে থাকা বিপুল পরিমাণ সামগ্রী, নগদ অর্থ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য আগুনে পুড়ে যায় বলে জানা গেছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত। তবে ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ধর্মনগরের দমকল কর্মীরা। দমকল কর্মীদের তৎপরতায় কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। তবে দমকল পৌঁছানোর আগেই আগুনের তীব্রতায় তিনটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আগুন লাগার পর মুহূর্তের মধ্যে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই নিজেরা উদ্যোগ নিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন, তবে আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এই অগ্নিকাণ্ডে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত দোকানদাররা হঠাৎ এই বিপর্যয়ে দিশেহারা হয়ে পড়েছেন। তাদের দাবি, প্রশাসনের তরফে দ্রুত আর্থিক সহায়তা প্রদান করা হোক। প্রশাসনের পক্ষ থেকে পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।

